‘নীল রঙের গল্প’র শীর্ষ সংগীতে বাপ্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নীল রঙের গল্প’ ধারাবাহিক নাটকের শীর্ষ সংগীতে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। ‘মাতাল হাওয়ায় উড়ছি, ভাবনা জুড়ে তুমি সারাক্ষণ/বাতাসে সুবাস ছড়িয়ে, ভালোবাসায় নিলে আমায় জড়িয়ে/তুমি আমি এক হয়ে, নীল রঙের গল্প বলি’—এমন কথার গানটিতে বাপ্পার সহশিল্পী এলিটা।সম্প্রতি বাপ্পা মজুমদারের মগবাজারের স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি রাজ রিয়াদের লেখা এ গানটির সুরও করেছেন বাপ্পা মজুমদার নিজে।নাটকের শীর্ষ সংগীত গাওয়া প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘নাটকের গান খুব একটা করা হয় না। হাতেগোনা কয়েকটি নাটকের শীর্ষ সংগীতের কাজ করেছি। ‘নীল রঙের গল্প’ নাটকের ভাবনাটা পছন্দ হওয়ায় গানটির কাজ করেছি। আশা করছি, গানটি সবার পছন্দ হবে।’জাকারিয়া সৌখিনের রচনায় ‘নীল রঙের গল্প’ নাটকটির পরিচালক কৌশিক শংকর দাশ। এর বিভিন্ন চরিত্রে রয়েছেন আনিসুর রহমান মিলন, নাদিয়া, নিলয়, জেনি, নিশো, তিশা প্রমুখ। বর্তমানে নাটকটির শুটিং চলছে। শিগগিরই এনটিভিতে নাটকটির প্রচার শুরু হবে। বাপ্পা এখন ব্যস্ত আছেন নতুন একটি একক অ্যালবামের কাজ নিয়ে। ‘বেস্ট অব বাপ্পা মজুমদার’ শিরোনামের এ অ্যালবামে বিভিন্ন সময়, বিভিন্ন অ্যালবামে গাওয়া গান দিয়ে সাজানো হয়েছে। থাকবে দুটি মৌলিক গানও।‘বেস্ট অব বাপ্পা মজুমদার’ প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘এখন পর্যন্ত আমার বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রতিটি অ্যালবামে আমার নিজের কিছু ভালো লাগার গান আছে। সেগুলো হয়তো শ্রোতারা সেভাবে শোনেননি। সবগুলো অ্যালবাম থেকে নিজের পছন্দের গানগুলো একটি অ্যালবাম আকারে শ্রোতাদের সামনে তুলে ধরার ভাবনা মাথায় আসে। এ নিয়ে পরিচিতজনদের সঙ্গে আলাপ করার পর তাঁরাও আমাকে বেশ উত্সাহ দেন। এভাবেই “বেস্ট অব বাপ্পা মজুমদার” অ্যালবামের কাজ শুরু করা।’ উল্লেখ্য, বাপ্পা মজুমদারের প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘তখন ভোরবেলা’ (১৯৯৬), ‘কোথাও কেউ নেই’ (১৯৯৮), ‘রাতের ট্রেন’ (১৯৯৯), ‘ধুলো-পড়া চিঠি’ (২০০১), ‘কদিন পরেই ছুটি’ (২০০৩), ‘রাত প্রহরী’ (২০০৪), ‘দিন বাড়ি যায়’ (২০০৬), ‘সূর্যস্নানে চল’ (২০০৮) এবং ‘বেঁচে থাক সবুজ’ (২০১২)।