‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবির গানের অ্যালবাম প্রকাশিত
কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে মাসুদ পথিকের পরিচালনায় সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’-এর গানের অ্যালবাম বাজারে এসেছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, মমতাজ, পড়শী, প্রিয়াঙ্কা গোপ, বেলাল খান, বাদল শহীদ প্রমুখ।নির্মাতা মাসুদ পথিক জানান, ছবিটির আবহসংগীত করেছেন শিল্পী ও গবেষক সাইম রানা। ‘ভূমিহীনের পালা’, ‘সোহাগি বউ গো’ ও ‘তোর সবুজ জলে মুখ ধুয়ে যাই যাবার আগে’ গানগুলোর সংগীত পরিচালনা করেছেন সাইম রানা। ছবির অন্যান্য গানের সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ, মুশফিক লিটু, মাহমুদ সেলিম ও বেলাল খান।ছবির ‘ইনটেনশন’ ও ‘সখী রে, তোর ঘুম নাই’ গান দুটিতে কণ্ঠ দিয়েছেন যথাক্রমে বেলাল খান ও মমতাজ। ছবির জন্য গান লিখেছেন মাসুদ পথিক ও কবি অসীম সাহা। ছবির গানগুলোতে প্রায় চেনা কিছু লোকসুর ও ধ্বনিচিত্র তুলে আনা হলেও কম্পোজিশনে ভিন্নতা রাখার চেষ্টা করা হয়েছে। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রে এ দেশের কৃষকসংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের অজানা কিছু অধ্যায় এবং গ্রাম বাংলার মানুষের জীবনাচার ও বাস্তব চিত্রের মর্মগাথা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে চিত্রিত করার চেষ্টা করেছেন নির্মাতা মাসুদ পথিক।ছবিটিতে কবির চরিত্রে নির্মলেন্দু গুণ এবং কবির তরুণ বয়সের চরিত্রে সৈয়দ জুবায়ের অভিনয় করছেন। এ ছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন প্রবীর মিত্র, মামুনুর রশীদ, সিমলা, জুয়েল জহুর, বাদল শহিদ, অসীম সাহা, রেহানা জলি, এহসানুর রহমান, বেগম মন্টু, শেখ সাহেদ আলী, হাসান আরিফ, ফারহানা শুচি, মহসিন খোন্দকার, মাসুম, বাহার, মিতুল, হিমু, অমল ও ১৫ জন কবি। গত ২৬ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে।