‘নো এন্ট্রি’ বাংলায়!
বলিউডের প্রযোজক বনি কাপুর তাঁর ২০০৫ সালের সুপারহিট হিন্দি চলচ্চিত্র ‘নো এন্ট্রি’ এবারে বাংলায় নির্মাণ করতে যাচ্ছেন। ‘নো এন্ট্রি’র বাংলা রিমেক দিয়েই বাংলা চলচ্চিত্রে পা রাখছেন বনি কাপুর। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।হিন্দি কমেডি ধাঁচের চলচ্চিত্র ‘নো এন্ট্রি’তে অভিনয় করেছিলেন অনিল কাপুর, সালমান খান, ফারদিন খান, বিপাশা বাসু, এশা দেওল ও সেলিনা জেটলি। বনি কাপুর জানিয়েছেন, ‘নো এন্ট্রি’র বাংলা রিমেকে অভিনয় করবেন জিত্ ও সাহারা। অন্যান্য চরিত্রের অভিনেতা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে প্রসেনজিত্ ও দেব অভিনয় করতে পারেন। পরিচালক হিসেবে কাজ করতে পারেন রবি কিনাগি।সম্প্রতি জিত্ অভিনীত ‘দিওয়ানা’ চলচ্চিত্রের সংগীতের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলায় ‘নো এন্ট্রি’ চলচ্চিত্রটি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণার কথা জানান বনি কাপুর।এ প্রসঙ্গে টালিউডের অভিনেতা জিত্ জানিয়েছেন, বাংলায় ‘নো এন্ট্রি’ নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরেই কথা চলছে। প্রথমবারের মতো কোনো হিন্দি চলচ্চিত্র অভিনেতা বদলে হুবহু বাংলায় তৈরি করা হবে। চলচ্চিত্রটিতে ‘প্রেম’ চরিত্রে অভিনয় করবেন জিত্। হিন্দি ছবিটিতে এ চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান। হিন্দি নো এন্ট্রির পরিচালক ছিলেন আনিস বাজমি।প্রসঙ্গত, ‘নো এন্ট্রি’ এর আগে মারাঠি ভাষাতেও নির্মিত হয়েছে। তবে এতে বনি কাপুরের কোনো সংশ্লিষ্টতা ছিল না।