
বিন্দাস ছবির পর আর কোনো বড় বাজেটের ছবিতে দেখা যায়নি টালিউড অভিনেত্রী শ্রাবন্তীকে। তিনি যেন অল্পতেই তৃপ্ত হয়ে আছেন। নিজেকে স্বল্প বাজেট আর ভিন্ন ঘরানার ছবিতেই বেঁধে রেখেছেন তিনি। গয়নার বাক্স, বুনো হাঁস-এর পর এ অভিনেত্রীর পরের ছবির নাম শেষ সংবাদ। তা-ও গতানুগতিক ধারার টালিউড ছবি নয়; মূলধারার চেয়ে একটু আলাদা। তাই সেই ‘একটু আলাদা’ বিষয়গুলো নিয়েই কথা বললেন শ্রাবন্তী। জানান, এই ‘আলাদা’ কাজগুলো করতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাঁর। অনেক কাঁটাভরা পথ পাড়ি দিয়ে শ্রাবন্তী এখন অভিনয় আর ব্যক্তিজীবনে হয়েছেন ‘পজিটিভ’।
খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন। এরপর সংসার সামলে একসময় অভিনয়েও প্রতিষ্ঠিত হন। কিন্তু হঠাৎ বিবাহিত জীবনে দেখা দেয় অশান্তি। শ্রাবন্তী তখন কিছুটা আড়ালে চলে গেলেও ভেঙে পড়েননি। প্রতিকূলতা যতই তাঁকে পেছন থেকে টেনে ধরেছে, তিনি ততই এর চেয়ে দ্রুতগতিতে ছুটেছেন সাফল্যের দিকে। তাই তো গর্বভরে শ্রাবন্তী বলেন, ‘কোনো কিছু নিয়েই আমি অনুতাপ করি না। আমি শুধু পজিটিভ ভাবি।’
শেষ সংবাদ-এর পাশাপাশি শ্রাবন্তী ব্যস্ত রাজ চক্রবর্তীর কাঠমান্ডু আর স্বরূপ ঘোষ পরিচালিত নবজীবন বিমা কোম্পানি নামে দুটো ছবি নিয়ে। সেই সঙ্গে মন চায় শুধু তোমায় নামের একটি ছবিও আছে অপেক্ষায়। শ্রাবন্তী সময় মেলাতে পারলেই শুরু করবেন নতুন এই ছবির কাজ। কিন্তু এসবই মাঝারি বাজেটের ছবি। বড় কিছুই কি হচ্ছে না শ্রাবন্তীর, নাকি ‘পজিটিভ’ থাকার পরও তাঁর ঝুলিতে আসছে না বড় কোনো কাজ? এর জবাবে এ টালিউডকন্যা বললেন, ‘একটু ধৈর্য ধরুন, সবে তো শুরু হলো মার্চ মাস, এখনো বছরের অনেকটা সময় বাকি। বড় ব্যানার আর সময় কোনোটাই চলে যাচ্ছে না।’
শ্রাবন্তী জানান, কথা চলছে সৃজিত মুখার্জির সঙ্গে। এ জাতিস্মর নির্মাতা নাকি খোদ ফোন করেছিলেন তাঁকে। প্রকাশ করেছেন শ্রাবন্তীর সঙ্গে কাজ করার আগ্রহ। সৃজিতের সঙ্গে ব্যাটে-বলে মিলে গেলে এ বছরই হয়তো কোনো শুভ সংবাদ দেবেন শ্রাবন্তী।
কলকাতার পত্রিকা অবলম্বনে