'পঞ্চকবির গান নিয়ে অ্যালবাম করতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিউটি। সংগীতশিল্পী। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম আসরের দ্বিতীয় রানারআপ। পয়লা বৈশাখ উপলক্ষে জি সিরিজের ব্যানারে বাজারে এসেছে তাঁর নতুন একক অ্যালবাম। নাম দুই চোখেতে লালন আমার

বিউটি
বিউটি

‘দুই চোখেতে লালন আমার’...
নাম শুনে অনেকে হয়তো ভাবতে পারেন লালনের গানের অ্যালবাম। কিন্তু তা নয়। অ্যালবামের আটটি গানই মৌলিক। লালন সাঁইজিকে উৎসর্গ করে একটা গান করেছি। সে গানের নামেই অ্যালবামের নাম।
বিরতি...
সরাসরি কনসার্ট নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। প্রায় দুই-আড়াই বছর পর আমার একক অ্যালবাম বের হলো। চেয়েছিলাম খুব সময় নিয়ে কাজটা করতে। কিন্তু শেষের দিকে একটু তাড়াহুড়ো করেই অ্যালবামের কাজটা শেষ করতে হলো। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আরও ভালো করার সুযোগ ছিল। বাকিটা শ্রোতারা বলতে পারবেন।
যে গানটা মাথায় ঘুরঘুর করছে...
আমার নতুন অ্যালবামের একটা গান, ‘কী জাদু জানো রে বন্ধু’। রেকর্ডিংয়ের সময়ই গানটা মাথায় গেঁথে গিয়েছিল। সেদিন থেকে এই গানটাই গুনগুন করে গাইছি।
আগামীর ভাবনা...
আমার খুব ইচ্ছা, পঞ্চকবির গান নিয়ে একটা অ্যালবাম করব। সে জন্য প্রচুর সাধনা প্রয়োজন। এখনো বোধ হয় ততটা পরিপক্ব হইনি। আরও গাইতে হবে, শিখতে হবে। নিজের সন্তুষ্টির জন্য হলেও পঞ্চকবির গান নিয়ে একটা অ্যালবাম করতে চাই।
দেশের বাইরের মঞ্চে...
২০০৫ সাল থেকেই দেশের বাইরে অনেক শো করেছি। তবে গত বছরের একটা অনুষ্ঠানের কথা আমি কখনো ভুলব না। যুক্তরাষ্ট্রের মিশিগানে একটা শো করেছিলাম। অনুষ্ঠানের শুরুতে খালি গলায় একটা লালনের গান করেছিলাম। শ্রোতারা এত মুগ্ধ হয়েছিলেন, বলছিলেন, ‘আজকে সারা রাত তোমার খালি গলার গানই শুনব।’ শেষ পর্যন্ত অনুষ্ঠানের সময় দুই ঘণ্টা বাড়াতে হয়েছিল।
মো. সাইফুল্লাহ