'পথ হারাবে না বাংলাদেশ' পেয়েছে 'সৃজন সম্মান পুরস্কার'

প্রথম আলোর বিজ্ঞাপনচিত্র ‘পথ হারাবে না বাংলাদেশ’ পেয়েছে ‘সৃজন সম্মান পুরস্কার ২০১৪’। গত ১৪ মার্চ এই পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয় ভারতের কলকাতায় স্বভূমীর রঙ্গমঞ্চে। কলকাতার সংবাদপত্র সংবাদ প্রতিদিন-এর উদ্যোগে বাংলাদেশ ও ভারতের বাংলা বিজ্ঞাপনচিত্রের জন্য দেওয়া হয় এই পুরস্কার। মোট ২৬টি বিভাগের জন্য পুরস্কার দেওয়া হয়েছে। এবার ছিল এই পুরস্কারের ১৪তম আসর।
‘পথ হারাবে না বাংলাদেশ’ বিজ্ঞাপনচিত্রের নির্মাতা প্রতিষ্ঠান গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক গাওসুল আলম বলেন, ‘“পথ হারাবে না বাংলাদেশ” শিরোনামে প্রথম আলোর জন্য আমরা তিনটি বিজ্ঞাপনচিত্র তৈরি করেছি। বিজ্ঞাপনচিত্রগুলোর ভাবনা হলো গার্মেন্টসকর্মী, কৃষক ও ছাত্র। এই তিনটির জন্যই আমরা পুরস্কার পেয়েছি। এর মধ্যে গার্মেন্টসকর্মী ভাবনার বিজ্ঞাপনচিত্রটি পেয়েছে স্বর্ণপদক আর অন্য দুটি রৌপ্যপদক।’
গাওসুল আলম জানান, গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ এবার চারটি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ পেয়েছে। এ ছাড়াও পেয়েছে ‘এজেন্সি অব দ্য ইয়ার পুরস্কার’।