বেলা ১১টা। এফডিসির মূল ফটক। শীতের কুয়াশার আমেজ তখনো পুরোপুরি কাটেনি। মূল ফটকের সামনে নিত্যদিনের মতো কৌতূহলী মানুষের ভিড়। ৩ ও ৪ নম্বর ফ্লোর ধরে যাওয়ার পথে শীতের হালকা রোদে বিচ্ছিন্ন কিছু আড্ডায় চোখ আটকাল। ভেতরের মূল রাস্তা ধরে এগিয়ে যাই। শুটিংয়ের আমেজ না থাকলেও লোকজনের কমতি নেই।ওই পথেই প্রযোজক সমিতির অফিস। ওখানে এ জে রানা, জামান হোসেনসহ বেশ কয়েকজন প্রযোজককে পাওয়া গেল। চুটিয়ে আড্ডা দিচ্ছিলেন। বেশ কয়েক দিন ধরেই এফডিসিজুড়ে শুটিং-ব্যস্ততা না থাকা প্রসঙ্গে কথা বললেন এ জে রানা, ‘বর্তমান সময়ে ডিজিটাল-পদ্ধতিতে চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। যেসব প্রযুক্তি দিয়ে এ ধরনের ছবির শুটিং ও সম্পাদনা করা হচ্ছে, তা এফডিসিতে নেই। তাই অনেকেই এখানে এখন শুটিং করেন না।’প্রযোজক সমিতি থেকে বেরিয়ে ফেরার পথে ১ নম্বর ফ্লোরের সামনে আবার মানুষের জটলা। এগিয়ে গেলাম সেদিকে। একজন জানালেন, ওই ফ্লোরে নতুন একটা ছবির চিত্র ধারণ চলছে। শুনেই একটু পুলকিত হলাম। এফডিসির আঙিনায় প্রতিদিন শুটিং থাকবে না, তা কি মানায়?১ নম্বর ফ্লোর। মনিটরের সামনে বসে আছেন পরিচালক তন্ময় তানসেন। সামনে পুরোনো দিনের ছাত্র হোস্টেলের একটি ঘরের সেট তৈরি করা হয়েছে। ইউনিটের কর্মীরা সেটটিকে ভিডিও ধারণ উপযোগী করায় ব্যস্ত।পরিচালকের কাছ থেকে ছবির নাম জানা গেল—পদ্ম পাতার জল। ইমন-মীম জুটির ছবি এটি। সঙ্গে ‘মীরাক্কেল’খ্যাত রনিও আছেন। আরও আছেন তারিক আনাম খান, চিত্রলেখা গুহ, অমিত হাসানসহ অনেকে।এবার তন্ময় তানসেন বললেন ছবির গল্প, ‘প্রায় ৭০ থেকে ৮০ বছর আগের এক জমিদার পরিবারের গল্প নিয়ে ছবির মূল ঘটনা শুরু। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।’ওদিকে দৃশ্য ধারণের হাঁকডাক শুরু হয়েছে। ‘ওয়ান... টু... থ্রি... অ্যাকশন’—পরিচালকের এমন হাঁকডাকে চারপাশ নীরব হয়ে গেল মুহূর্তেই। দৃশ্য ধারণ শুরু হলো। সেখানে দেখা গেল, জমিদারের ছেলে ইমন শহরের এক মিশনারি কলেজের হোস্টেলে উঠেছে। রুমমেট রনি ও নয়ন। জমিদারের ছেলে হওয়ার সুবাদে ইমনকে খুব সমাদর করে রুমমেটরা। হোস্টেল থেকে একটু দূরে বাইজিপাড়া। ইমনকে ফুসলিয়ে বাইজিপাড়ায় নেওয়ার ধান্দা করে রনি, নয়ন। কিন্তু সহজ-সরল ইমনের জবাব, ‘না’।প্রায় চারবারে এ দৃশ্যটি ধারণ করলেন পরিচালক। এক ফাঁকে কথা হলো ইমনের সঙ্গে। বললেন, ‘মনের মতো একটা গল্পের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। আমার কাছে মনে হয়, পদ্ম পাতার জল অন্য ধরনের ছবি হবে।’শুটিং থেকে বেরিয়ে পরিচালক সমিতির কার্যালয়ের সামনে আসতেই চোখ পড়ল উৎসবের আমেজ। জানা গেল, ২৮ ডিসেম্বর পরিচালক সমিতির নির্বাচন। আর একে ঘিরেই এই আমেজ—প্রার্থীদের ছবিসংবলিত বিলবোর্ড, প্ল্যাকার্ড আর ব্যানারে ছেয়ে গেছে সমিতির কার্যালয় এলাকা। এর ঢেউ গিয়ে লেগেছে ক্যানটিন চত্বর হয়ে ৮ নম্বর ফ্লোর এলাকায়ও। এই নির্বাচনে এবার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৭টি পদের জন্য তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্যানেল তিনটি হলো—মহাম্মদ হান্নান-এফ আই মানিক, শহিদুল ইসলাম খোকন-মুসফিকুর রহমান গুলজার এবং সাইদুর রহমান সাহিদ-নূর মোহাম্মদ মণি। এতে ভোট দেবেন প্রায় ৩৫০ জন পরিচালক।