'পদ্ম' সম্মাননা পেলেন গিরিজা দেবী, রজনীকান্ত, অনুপম খের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিরিজা দেবী, রজনীকান্ত ও অনুপম খের।
গিরিজা দেবী, রজনীকান্ত ও অনুপম খের।

ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পেয়েছেন বলিউডের একঝাঁক তারকা। প্রতিবছরের মতো এ বছরও ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকার সোমবার ১১২ জন ‘পদ্ম’ সম্মানপ্রাপ্ত ব্যক্তির নাম ঘোষণা করেছে। এর মধ্যে ১০ জন পেয়েছেন পদ্মবিভূষণ সম্মাননা, ১৯ জন পদ্মভূষণ ও ৮৩ জন পেয়েছেন পদ্মশ্রী সম্মাননা। দেশটির সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা হচ্ছে ‘ভারতরত্ন’।

এবার দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মবিভূষণ পেয়েছেন দক্ষিণের চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা রজনীকান্ত, রামোজি ফিল্ম সিটির কর্ণধার রামোজি রাও, প্রখ্যাত উচ্চাঙ্গসংগীতশিল্পী গিরিজা দেবী প্রমুখ।

তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ পেয়েছেন বলিউডের শক্তিমান অভিনেতা অনুপম খের ও সংগীতশিল্পী উদিত নারায়ণ।

চতুর্থ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মশ্রী’ পেয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, অভিনেতা অজয় দেবগন, পরিচালক মধুর ভান্ডারকার, পরিচালক এসএস রাজামৌলি, অভিনেতা সৈয়দ জাফরি (মরণোত্তর) প্রমুখ তারকা।

তবে এবার পশ্চিমবঙ্গ থেকে মাত্র একজনই ‘পদ্ম’ সম্মাননা পেয়েছেন। তিনি হলেন উচ্চাঙ্গসংগীতশিল্পী গিরিজা দেবী। এ ছাড়া বাঙালি সংগীতশিল্পী সোমা ঘোষও পেয়েছেন পদ্ম পুরস্কার। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা।