‘পর পর চারবার পড়ে গেছি’
‘বৃষ্টির দিন। কাদামাটি, কচুরিপানা, শেওলা। সব মিলিয়ে খুবই স্যাঁতসেঁতে রাস্তা। অনেক সাবধানে পা ফেলেছি। তার পরও শেষরক্ষা হয়নি। একসময় পা পিছলে পড়ে যাই। তার চেয়েও মজার ব্যাপার হলো, পরিচালক কিন্তু শটটি কাটলেন না। ওভাবেই শট নিলেন। আমিও অভিনয়টা চালিয়ে গেলাম। একবার মনে হলো, শটটা আবার দিই। কিন্তু আবার পড়ে গেলাম। উঠতে গিয়ে আবার...। এভাবে পর পর চারবার পড়ে গেলাম। ব্যথাও পেয়েছি। কিন্তু ক্যামেরা চলছে। তাই ব্যথা ভুলে অভিনয়টা করে গেছি।’ বললেন সজল। শাহানা সুমির লেখা ও মাতিয়া বানু শুকুর পরিচালনায় নকশিকাঁথা নাটকের শুটিং করতে গিয়ে এমনটি হয়েছে। নাটকটির শুটিং হয়েছে পুবাইলে। সজল জানান, নাটকের একটি দৃশ্যে তাঁকে নৌকাও চালাতে হয়েছে। তিনি বললেন, ‘সে আরেক মজার ঘটনা। এর আগে কখনো বৈঠা ধরিনি। শুটিংয়ের সময় পাড় থেকে নৌকা সরাতে তেমন সমস্যা হয়নি, তবে পাড়ে নৌকা ভেড়াতে জান বেরিয়ে গেছে। অনেক কষ্ট হয়েছে। ২০ থেকে ২৫ মিনিট সময় লেগেছে। ভয়ও পেয়েছি। কারণ, আমার পানিভীতি আছে। তার ওপর ভালো সাঁতার জানি না। শট শেষে মনে হলো যেন বেঁচে গেছি।’