'পরবাসিনী'তে সব্যসাচী আর জুন

স্বপন আহমেদ তাঁর পরবাসিনী ছবির কাজ করছেন প্রায় বছর দুয়েক ধরে। তাঁর মতে, এটি সায়েন্স ফিকশন ধাঁচের ছবি। এ ধরনের ছবির কাজ করতে একটু সময় লাগে। বাংলাদেশের পাশাপাশি ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, হল্যান্ডে এই ছবির কাজ করেছি। এখন কাজ করছি ভারতের কলকাতায়।’
গতকাল মঙ্গলবার থেকে পরবাসিনী ছবির শুটিং হচ্ছে কলকাতার টালিগঞ্জের কাছে পার্পল মুভি টাউনে। এরপর পরিচালক যাবেন মুম্বাইয়ে। সেখানে শুটিংয়ে অংশ নেবেন মডেল এবং হিন্দি ছবির নায়িকা উর্বশী রৌতেলা। ২০১২ সালে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন তিনি।
গতকাল কলকাতা থেকে মুঠোফোনে স্বপন আহমেদ জানান, কলকাতায় শুটিংয়ে অংশ নিচ্ছেন সব্যসাচী চক্রবর্তী ও জুন মালিহা। ছবির গল্পটি ১০০ বছর পরের ঘটনা নিয়ে। ঢাকা শহর ধ্বংস হয়ে গেছে অনেক আগে। ২১১৫ সালে প্রত্নতত্ত্ববিদ সব্যসাচী চক্রবর্তী ঢাকায় এসেছেন কিছু আবিষ্কারের উদ্দেশ্য নিয়ে। তাঁকে সহযোগিতা করছেন জুন মালিহা। তাদের সঙ্গে শুটিংয়ে অংশ নিচ্ছেন ইমন।
ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।