'পরাদৃষ্টি'তে সুলতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেইলি স্টার–বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে শিল্পী এস এম সুলতানের চিত্র প্রদর্শনী দেখেন (ডান থেকে) অধ্যাপক আনিসুজ্জামান, স্যার ফজলে হাসান আবেদ ও আবুল খায়ের । প্রথম আলো
ডেইলি স্টার–বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে শিল্পী এস এম সুলতানের চিত্র প্রদর্শনী দেখেন (ডান থেকে) অধ্যাপক আনিসুজ্জামান, স্যার ফজলে হাসান আবেদ ও আবুল খায়ের । প্রথম আলো

দৃশ্যগুলো খুব চেনা। তবে প্রথম দেখায় মানুষগুলোকে লাগে অচেনা। ভালো করে দেখতে দেখতে ছবিগুলোর সামনে দিয়ে এগিয়ে গেলে মানুষদেরও আর অচেনা মনে হয় না। তাঁরা আমাদের দেশেরই কৃষিজীবী। মাঠে কাজ করছেন। কেউ ফসলে নিড়ানি দিচ্ছেন, কেউ জমিতে চাষ দিচ্ছেন৷ নদীতে গরুর গা ধুয়ে দিচ্ছেন। বউ-ঝিরা বাড়ির উঠানে বসে ব্যস্ত সংসারের কাজে। অচেনা লাগে তাঁদের বলশালী শরীর দেখে। শিল্পগুরু এস এস সুলতান অমিত শক্তি আর সাহস দেখেছিলেন আপাত দেখা রুগ্ণ কৃষিজীবী মানুষের ভেতরে। ওই শক্তিকেই তিনি ফুটিয়ে তুলেছিলেন তাঁর কাজে। তাঁর কাজগুলো নিয়ে ‘পরাদৃষ্টি’ নামের প্রদর্শনী দিয়ে গতকাল শুক্রবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো ‘ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট’এর।
ফার্মগেট মোড়ের কাছে, কাজী নজরুল ইসলাম সড়কে দ্য ডেইলি স্টার সেন্টারে এই সাংস্কৃতিক কেন্দ্রটি চালু হলো ডেইলি স্টার ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে। প্রদর্শনীর উদ্বোধন করেন যৌথভাবে ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ ও অধ্যাপক আনিসুজ্জামান। ফজলে হাসান আবেদ বলেন, এই সাংস্কৃতিক কেন্দ্র নিয়মিত প্রদর্শনীর মধ্য দিয়ে শিল্পী ও শিল্পানুরাগীদের মধ্যে যোগাযোগ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, একটা সময় ঢাকায় চাইলেও নিয়মিত শিল্পকর্ম দেখা বা প্রদর্শনী করার সুযোগ ছিল না। এখন সেই সুযোগ বাড়ছে। এতে নতুন প্রজন্মের শিল্প-রুচি গড়ে উঠছে। ধানমন্ডি, গুলশানের পর এখন ফার্মগেটেও শিল্পকর্ম প্রদর্শনীর ব্যবস্থা হলো। এ জন্য বেঙ্গল ফাউন্ডেশনের নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম ও ডেইলি স্টার-এর সঙ্গে এই আয়োজনের জন্য তাদের ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বক্তব্য দেন। তাঁরা বলেন, নিয়মিত চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পবোদ্ধা, শিল্পী ও সংস্কৃতি-অনুরাগীদের মধ্যে সেতুবন্ধ সৃষ্টিতে এই শিল্পাঙ্গন কাজ করে যাবে। সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
প্রদর্শনীর কাজগুলো আবুল খায়েরের ব্যক্তিগত সংগ্রহের। এতে রয়েছে তেলচিত্র, জলরং ও ড্রয়িং। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে এস এম সুলতানের কাজ নিয়ে একটি বইও প্রকাশিত হয়েছে।