
তাঁর নাম ঘোষণা করেই উল্লসিত হয়ে উঠলেন উপস্থাপিকা শিমুল ইউসূফ। নাট্যশালার মূল মিলনায়তনের মঞ্চে উঠে এসে বসলেন ঢাকা থিয়েটারের মীর মকসুদ উস সালেহীন-বজলুল করিম পদক ২০১৪ প্রাপ্ত শিল্পী ফেরদৌসী মজুমদার।
মঞ্চে বসে ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সেলিম আল দীনের স্ত্রী মেহেরুন্নেসা। ছিলেন সেলিম আল দীন পদক ২০১৫ প্রাপ্ত কলকাতার অধ্যাপক অরুণ সেন।
ফেরদৌসী মজুমদারের হাতে ক্রেস্ট, পুরস্কারের ২০ হাজার টাকা ও উপহার তুলে দেন এই অতিথিরা। পরিয়ে দেন উত্তরীয়। সেসব গ্রহণ করে ঢাকা থিয়েটারকে ধন্যবাদ জানান ফেরদৌসী মজুমদার।
এই আসরে ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক ২০১৪ দেওয়া হয় চট্টগ্রামের শিল্পী শায়লা শারমিন সাথীকে। তিনি পান ১০ হাজার টাকা ও ক্রেস্ট। শিল্প-সাহিত্য সমালোচনায় কীর্তির জন্য অধ্যাপক অরুণ সেনকে দেওয়া হয় সেলিম আল দীন পদক ২০১৫। পদক প্রদানের মানপত্র পাঠ করেন নাসির উদ্দীন ইউসুফ।
অনুভূতি ব্যক্ত করতে এসে অরুণ সেন বললেন, ‘ওপার বাংলায়ও (পশ্চিমবঙ্গ) সেলিম আল দীনের গ্রহণযোগ্যতা রয়েছে। বেড়েছে তাঁকে পাঠ, আলোচনা ও সমালোচনা। শুধু নাট্যরচনাই নয়, তাঁর অভিপ্রায় ছিল ব্যাপক। সেটা নাটকের সীমানা ছাড়িয়ে শিল্পসাহিত্যের অন্যান্য শাখায়ও বিস্তৃত।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘যাঁদের নামে এই পদক দেওয়া হচ্ছে, তাঁদের মতো নাট্যজন আমরা আর পাচ্ছি না। কারণ, আমরা বিকৃতির ভেতর দিয়ে যাচ্ছি। পুঁজিবাদী ব্যবস্থা চরম সংকটে পৌঁছে দিয়েছে আমাদের। পুঁজিবাদ শিল্পকলার নিকৃষ্টতম শত্রু।’
গতকাল ছিল প্রয়াত নাট্যকার সেলিম আল দীন জন্মোৎসবের শেষ দিন। বিকেল চারটা থেকে শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় স্মারক বক্তৃতা। সেখানে ‘দ্বৈতাদ্বৈতবাদিতা শিল্পতত্ত্ব ও শিল্পসৃজনবিষয়ক অপরাপর মতবাদ’ নিয়ে আলোচনা করেন অধ্যাপক আবদুস সেলিম। সন্ধ্যা সাতটায় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটক নিমজ্জন।