ফারজানা ব্রাউনিয়া। অনুষ্ঠান উপস্থাপনা করছেন। পরিচালনাও করেন। চ্যানেল আইয়ে আজ সন্ধ্যায় প্রচারিত হবে ‘স্বর্ণ কিশোরী’। এই অনুষ্ঠান নিয়ে কথা হলো তাঁর সঙ্গে

‘স্বর্ণ কিশোরী’র শুরু...
‘আমি মা হতে চলেছি’ নামে একটা অনুষ্ঠান করেছিলাম। উদ্দেশ্য ছিল, যাঁরা মা হতে যাচ্ছেন বা ভবিষ্যতে মা হবেন, এ সম্পর্কে অজানা বিষয়গুলো তাঁদের জানানো। এই অনুষ্ঠান করতে গিয়ে মনে হলো, শুধু মা হওয়ার সময় নয়, সচেতনতাটা প্রয়োজন আসলে আরও আগে থেকে। সেই ভাবনা থেকেই তৈরি করছি ‘স্বর্ণ কিশোরী’। যেন ১০ থেকে ১৯ বছর বয়সী মেয়েরা একটা সুস্থ জীবনের নির্দেশনা পায়।
যে লক্ষ্যে এই অনুষ্ঠান...
‘স্বর্ণ কিশোরী’ কোনো টিভি অনুষ্ঠান নয়। এটা একটা ‘নেটওয়ার্ক’। দুই কোটি কিশোরী-তরুণীকে আমরা এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করতে চাই। আমরা যদি একজন সুস্থ মা পাই, তাহলে আমরা একটা সুস্থ শিশু পাব। পাব বলিষ্ঠ বাংলাদেশ। ইতিমধ্যেই আমাদের এই নেটওয়ার্কে সদস্যসংখ্যা প্রায় ১০ হাজার হয়েছে। পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছর পর সংখ্যাটা দুই কোটি হবে।
‘ফিউচার লিডারস প্রোগ্রাম’...
এই আয়োজনের দ্বিতীয় সিজন শুরু হলো। এই অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞান-প্রযুক্তি এবং ব্যবসা ও প্রশাসন বিভাগের কিছু ছেলেমেয়েকে আমরা বিশ্বের স্বনামধন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিই। সুখবর হলো, এবার ইউনিভার্সিটি অব লন্ডনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। অনুষ্ঠানে যাঁরা সেরা হয়ে উঠে আসবেন, তাঁরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন।
টিভি অনুষ্ঠান বনাম লাইভ অনুষ্ঠান...
টিভি অনুষ্ঠান এককথায় বলতে গেলে ‘নট মাই কাপ অব টি’। লাইভ অনুষ্ঠানেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অনুষ্ঠানটা টিভিতে প্রচার করা হচ্ছে কি না, সেটা বড় কথা নয়; হাজারো মানুষের সামনে যখন মাইক্রোফোন হাতে দাঁড়াই, মনে হয় এটাই আমার স্বর্গ। আমি দর্শকদের একজন হওয়ার চেষ্টা করি। কেউ যেন নিজেকে ‘আমি’ না, বরং ‘আমরা’ ভাবতে পারে, সেই চেষ্টা করি।
মো. সাইফুল্লাহ