‘পাঁচফোড়ন’-এ ঈশিতা-অপূর্বের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে নির্মিত ‘পাঁচফোড়ন’ নামের একটি অনুষ্ঠানে গান করলেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী ঈশিতা। দ্বৈতকণ্ঠের এই গানে ঈশিতার সহশিল্পী ছিলেন অপূর্ব। সম্প্রতি গানটির শুটিংয়ে অংশ নেন তাঁরা। ‘একটু সুখে ভাসতে, দুঃখ ভুলে হাসতে/ বলো কে না চায়....’ শিরোনামের গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু। আর সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকবর রূপু। পাঁচফোড়ন অনুষ্ঠানে গান করার মধ্য দিয়ে কোনো টিভি অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো গান করলেন ঈশিতা ও অপূর্ব। বছর চারেক আগে ঈশিতা ও অপূর্ব চয়নিকা চৌধুরীর পরিচালনায় একটি টেলিভিশন অনুষ্ঠানে গান করেছিলেন। সে অনুষ্ঠানে নতুন সংগীতায়োজনে ‘এই রাত তোমার আমার’ গানটি করেছিলেন তাঁরা। গান প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘অভিনয় ও নাচের পাশাপাশি আমি কিন্তু গানের সঙ্গেও জড়িত। তবে এটা ঠিক যে সেভাবে নিয়মিত গান করা হয় না। বিশেষ কোনো অনুষ্ঠানে অনুরোধে এখন গান করছি। অপূর্বের সঙ্গে বছর চারেক আগে এনটিভির একটি অনুষ্ঠানেও গান করেছিলাম। এবারে গান করতে যেয়ে অন্যরকম অনুভূতি হয়েছে। রেকর্ডিংয়ের শেষে গানটি শোনার পর গানের প্রতি আলাদাভাবে ভাবনা তৈরি হয়েছে। দেখা যাক কী হয়।’ঈশিতা আরও বলেন, ফাগুন অডিওভিশনের ব্যানের নির্মিত অনুষ্ঠান ‘ইত্যাদি’ ও ‘পাঁচফোড়ন’-এ অনেক সময় বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছি। কিন্তু কখনো গান করা হয়নি। এবারই প্রথম গানে অংশ নিলাম। রোমান্টিক ঘরানার গানটি করে ভালোই লেগেছে।‘পাঁচফোড়ন’ ছাড়াও এবারের ঈদের কয়েকটি নাটকেও অভিনয় করেছেন বলে জানান ঈশিতা।