‘পাক সার জমিন সাদ বাদ’ নিয়ে নাটক মঞ্চে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ুন আজাদের উপন্যাস পাক সার জমিন সাদ বাদ অবলম্বনে মঞ্চের জন্য নাটক তৈরি করছে নতুন দল তীরন্দাজ। নাটকের নাম অনৈতিহাসিক। এটিই তীরন্দাজের প্রথম প্রযোজনা। নাটকটির নাট্যরূপ দিয়েছেন শাহীন রেজা। তিনি বললেন, ‘বিশ্বের কিছু সংখ্যক প্রভু সারা বিশ্বে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে চলেছে। এক আড্ডায় তারা বাংলাদেশকে নিয়ে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার খেলায় মেতে ওঠার পাঁয়তারা করছে। সেই খেলার হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছে জঙ্গিবাদ বিষয়কে। এ নিয়েই নাটকের গল্পের সূত্রপাত।’নাটকটির নির্দেশনা দিচ্ছেন দীপক সুমন। তিনি বললেন, ‘উপন্যাসের নির্যাস নিয়েই এই নাটকের গল্প। আমরা একটু ভিন্ন মাত্রার বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী। সেই অর্থে এই নাটকটিও অনেকাংশে চ্যালেঞ্জের বিষয়। কারণ, উপন্যাসের বিষয়টির সঙ্গে সমসাময়িক ঘটনাকে সম্পৃক্ত করে নাটকটি উপস্থাপন করার চেষ্টা করছি।’ দীপক জানান, নাটকটির মহড়ার কাজ প্রায় শেষ। ১৫ ও ২৫ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল ও স্টুডিও থিয়েটার হলে নাটকটির দুটি কারিগরি প্রদর্শনী হবে। ২৬ আগস্ট নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে স্টুডিও থিয়েটার হলে।