'পাতা রং পৃথিবী'র মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে গতকাল সন্ধ্যায় মাহিদুল ইসলামের কবিতা আবৃত্তির অ্যালবাম পাতা রং পৃথিবীর প্রকাশনা অনুষ্ঠানে সুধীজনেরা l প্রথম আলো
শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে গতকাল সন্ধ্যায় মাহিদুল ইসলামের কবিতা আবৃত্তির অ্যালবাম পাতা রং পৃথিবীর প্রকাশনা অনুষ্ঠানে সুধীজনেরা l প্রথম আলো

সন্ধ্যার একটু পরে বাইরে তখন হালকা বৃষ্টি। পাতার রঙে কিছুটা রঙিন হচ্ছে মহানগর ঢাকা। গতকাল রোববার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে এমন এক সময়েই শুরু হলো কবিতা আবৃত্তির অ্যালবাম পাতা রং পৃথিবীর প্রকাশনা অনুষ্ঠান।

যাঁর কবিতা নিয়ে অ্যালবাম, তিনি হুমায়ুন কবির। পেশায় চিকিৎসক এই কবি প্রবাসে থাকেন। ইতিমধ্যে বেরিয়েছে তিনটি কবিতার বই। তাঁর ঘরণী কাব্যগ্রন্থের ২৫টি নির্বাচিত কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে অ্যালবামটি। সেগুলোর কয়েকটির নাম: ‘অম্ল অবসাদ’, ‘বৃষ্টি না শিলাবৃষ্টি’, ‘পাতা রং পৃথিবী’, ‘মৌচাকে একদিন’, ‘আলসে রোববার’, ‘হেঁটে হেঁটে ম্যানহাটন’, ‘পায়ের চিহ্ন শেষে’, ‘মায়ের কাছে মেঘদূত’ ইত্যাদি। আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলামের কণ্ঠে অ্যালবামটি প্রকাশ করেছে আবৃত্তিমেলা।
অ্যালবামের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি নির্মলেন্দু গুণ। বিশেষ অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী কাজী আরিফ ও লায়লা আফরোজ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির উপপরিচালক রহিমা আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ার।
বক্তারা বলেন, প্রবাসী হলেও হুমায়ুন কবির থাকেন বাংলাদেশের মাটিতে। বাংলার প্রকৃতি, নিসর্গ ও তার সঙ্গে এখানকার মানুষের জীবনাচরণ বারবার উঠে এসেছে তাঁর কবিতায়। কবিতায় তাঁর নিজস্ব একটি দর্শনের সন্ধান মেলে।
অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি করেন মাহিদুল ইসলাম। হুমায়ুন কবিরের আরেকটি কাব্যগ্রন্থ তীর্থযাত্রী তিনজন তার্কিক থেকে একটি কবিতা আবৃত্তি করেন বিপাশা হায়াত।