'পান্ডুরাঙ্গার সংগীতায়োজনে অ্যালবাম করছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফি মণ্ডল
শফি মণ্ডল

শফি মণ্ডল। লালনের গান গেয়েই তিনি নিজের একটা অবস্থান তৈরি করেছেন। পাশাপাশি লোকগানও করেন। আজ দেশ টিভিতে ‘ক্লোজআপ কল-এর গান’ অনুষ্ঠানে গান করবেন তিনি।
‘ক্লোজআপ কল-এর গান’...
গতকাল বৃহস্পতিবার ছিল শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী। তিনি মহাজন। গহিনের মানুষ। বাউল ঘরানার অন্যতম পুরোধা। আজকের অনুষ্ঠানে তাঁর গান তো করবই। লালন শাহের কিছু গান গাইব। রাধারমণের গান, বিজয় সরকারের গানও করব।
যখন লালন সাঁইজির গান গাই...
মহাজন লালন শাহের গান যখন গাই, সেটা যে গানই হোক, মনে হয় সাঁইজি যেন গানটি আমার জন্যই লিখেছেন। প্রতিটি গানের সঙ্গেই অনেক আবেগ জড়িয়ে আছে। মাঝেমধ্যে এমনও হয়, দোতারা হাতে নিয়ে যখন গান গাই, মনে হয়ে সাঁইজিই গান গাইছেন আর আমি চুপচাপ বসে শুনছি।
যে গানগুলো মিশে যায় অন্তরের সঙ্গে...
অনেক গান আছে। আলাদা করে দু-একটি গানের কথা বলা মুশকিল। লালনের একটি গান আছে, ‘কবে সাধুর চরণধূলি’। শাহ আবদুল করিমের গান ‘কোন মিস্তরি নাও বানাইলো রে’ মনে হয় আমার জীবনের গান।
আসছে অ্যালবাম...

যুক্তরাষ্ট্র থেকে একজন সংগীত পরিচালক এসেছেন। তাঁর নাম পান্ডুরাঙ্গা। লালন শাহ এবং প্রাচ্য ও পাশ্চাত্যের গান নিয়ে তিনি গবেষণা করছেন। আনুশেহর প্রযোজনায় আর পান্ডুরাঙ্গার সংগীতায়োজনে একটি অ্যালবামের কাজ করছি। এ বছরের শেষ দিকে হয়তো অ্যালবামটি বাজারে আসবে।
গিটার আর দোতারা...
দুটিই বাদ্যযন্ত্র, কিন্তু অনেক পার্থক্য। আমরা মাটির মানুষ, দোতারা-একতারার সুর তো মাটির সঙ্গে মিশে আছে। গিটারও ভালো লাগে। তবে গিটারটা আমার মতো মানুষের জন্য কঠিন।
মো. সাইফুল্লাহ