‘পার্ক স্ট্রিট’ ও ফেরদৌস
২০১২ সালের ৬ ফেব্রুয়ারি। ভারতের কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় একটি মেয়ে ধর্ষণের শিকার হয়। ঘটনার প্রতিবাদ জানাতে কলকাতা শহরের রাস্তায় নেমে আসে লোকজন। সেই ঘটনার পর সরকারের মন্ত্রী এবং কয়েকটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নড়েচড়ে বসেন। চাঞ্চল্যকর এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করার নির্দেশ আসে সরকারের উচ্চপর্যায় থেকে। এবার সেই ঘটনা নিয়ে চলচ্চিত্র তৈরি করছেন পার্থ চ্যাটার্জি। ছবির নাম পার্ক স্ট্রিট। আর এই ছবিতে এখন অভিনয় করছেন ফেরদৌস। গত সোমবার দুপুরে কলকাতা থেকে মুঠোফোনে ফেরদৌস বলেন, ‘পার্ক স্ট্রিটের ওই ঘটনার পর মেয়েটি একটি ফোন করেছিল। ছবিতে দেখানো হচ্ছে, মেয়েটি একজন সেলিব্রিটিকে ফোন করে ঘটনাটি জানায়। পরে এই লোকটির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়েদাঁড়ায়। ছবিতে আমি সেই সেলিব্রিটির চরিত্রে অভিনয় করছি।’ ছবিতে ফেরদৌস একটি হিন্দি গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন। এর আগে হঠাৎ বৃষ্টি ও মিট্টি ছবিতে হিন্দি গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছিলেন বলে জানান তিনি। এই ছবিতে আরও অভিনয় করছেন পামেলা ও দোলন রায়।