'পার্থদা পাকা অভিনেতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামিয়া আফরিন
সামিয়া আফরিন

সামিয়া আফরিন৷ ব্যস্ত মডেলিং আর উপস্থাপনা নিয়ে৷ সময় পেলে নাটকেও অভিনয় করেন৷ বিটিভিতে আজ প্রচারিত হবে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান ‘বিবিসির আমরাই পারি’৷ এ ছাড়া বিশ্বকাপ ফুটবল উপলক্ষে গাজী টিভিতে প্রচারিত হচ্ছে ফুটবলবিষয়ক অনুষ্ঠান ‘কিক-অফ’৷ দুটি অনুষ্ঠানই উপস্থাপনা করছেন সামিয়া৷ কথা হলো তাঁর সঙ্গে
কিক-অফ...
চার বছর আগেও আমরা এ ধরনের একটি অনুষ্ঠান নির্মাণ করেছিলাম৷ সে সময় এটি শুধু বিটিভিতে প্রচারিত হয়েছিল৷ এবার প্রচার হচ্ছে জিটিভিতে৷ অন্য সব অনুষ্ঠানের চেয়ে এটির উপস্থাপনা একটু কঠিনই মনে হয়৷ অনেক বেশি তথ্যনির্ভর হওয়ায় অনুষ্ঠানটির ব্যাপারে সতর্কও থাকতে হয়৷
ফুটবল নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করছেন৷ ফুটবল কতটা ভালোবাসেন?
চার বছর পর যখন বিশ্বকাপ হয়, তখনই ফুটবল খেলা নিয়ে মাতামাতি করি৷ তবে ক্রিকেটই ভালোবাসি বেশি৷ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল যখন থেকে খেলে, তখন থেকে ভালো লাগাটা আরও বেশি কাজ করে৷
বিশ্বকাপে আপনার প্রিয় দল কোনটি?
আমার প্রিয় দল ব্রাজিল৷ এই দলের নেইমার, অস্কার, মার্সেলোর খেলা খুবই ভালো লাগে৷ আর্জেন্টিনার মেসির খেলাও দারুণ লাগে৷ সুয়ারেজ, ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলাও আমার পছন্দ৷
বিবিসির আমরাই পারি...
ইংরেজি শিক্ষার এই অনুষ্ঠানের গত সিজনের পর্বটিও উপস্থাপনা করেছিলাম৷ এই সিজনের শুটিং এরই মধ্যে শেষ৷ অনুষ্ঠানটি উপস্থাপনা করতে বেশ ভালোই লাগে৷ ‘বিবিসির আমরাই পারি’ অনুষ্ঠানে একজন মানুষের নিজে নিজে ইংরেজি শেখার ধরনটা আমার ভালো লেগেছে৷
ঈদের নাটকেও অভিনয় করছেন নাকি?
অনুরোধে ঈদের একটি নাটকে অভিনয় করতে হয়েছে৷ নাম পাপ-পুণ্য৷ নাটকটিতে আমার সহশিল্পী পার্থ বড়ুয়া৷ তিন বছর আগে পার্থদার সঙ্গে ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ নামে একটি নাটকে অভিনয় করেছিলাম৷ এবার কাজ করতে গিয়ে মনে হয়েছে, পার্থদা এখন পাকা অভিনেতা৷
নাটক, বিজ্ঞাপনচিত্র ও উপস্থাপনা—কোনটিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
অবশ্যই উপস্থাপনা৷ ২০০৫ সাল থেকে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করি৷ সেই থেকে এখনো উপস্থাপনাটাই নিয়মিত করছি৷
বিনোদন প্রতিবেদক