
মাহি। চলচ্চিত্রের নবাগত নায়িকা। ভালোবাসা দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র অগ্নি। ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিতে অভিনয় করেছেন তিনি। কথা হলো তাঁর সঙ্গে
‘অগ্নি’...
অগ্নি আমার মুক্তি পাওয়া ৭ নম্বর চলচ্চিত্র। ছয়টি ছবি রোমান্টিক ধাঁচের। এবার অ্যাকশন ধাঁচের ছবিতে অভিনয় করেছি। ছবিটি ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে। শুনেছি, এরই মধ্যে ছবিটি ব্যবসায়িক সাফল্য পেয়েছে। আমি অভিভূত। পুরো ব্যাপারটি আমাকে আত্মবিশ্বাসী করে তুলছে।
ছবির বাজেট...
ছবির বাজেট একটি গুরুত্বপূর্ণ দিক। বাজেট বেশি হলে ছবি সেভাবেই তৈরি হয়। উন্নত প্রযুক্তির ব্যবহার থেকে শুরু করে সবকিছুতেই তার প্রভাব পড়ে। দারুণ দারুণ লোকেশনে কাজ করা যায়। আর কাজটা শেষ হওয়ার পর ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনাও বেড়ে যায়।
সহশিল্পী আরিফিন শুভ...
অগ্নি ছবিতে আমার সঙ্গে অভিনয় করেছেন আরিফিন শুভ। তাঁর সঙ্গে এটাই আমার প্রথম ছবি। তিনি অনেক ভালো একজন অভিনয়শিল্পী। অনেক ন্যাচারাল। অভিনয়ের ব্যাপারে খুব সিরিয়াস। গল্প এবং সংলাপ নিয়ে অনেক বেশি ভাবেন। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে আমাকেও অনেক খাটতে হয়েছে। পাল্লা দিয়ে অভিনয় করেছি। আরিফিন শুভর সঙ্গে ওয়ার্নিং নামের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি।
টার্নিং পয়েন্ট...
আমাকে একসময় কেউই চিনত না। ভালোবাসার রং ছবিটি আমাকে চলচ্চিত্রে নায়িকা হিসেবে পরিচিতি দিয়েছে। এই ছবিটি আমার জীবনের টার্নিং পয়েন্ট।
এখন যা করছি...
এখন আছি শেরপুরে। এখানে দেশা: দ্য লিডার ছবির শুটিং করছি। সামনে হানিমুন নামে আরেকটি ছবির কাজ করব। এই দুটি ছবিতে আমার সহশিল্পী বাপ্পী আর শিপন।
বিনোদন প্রতিবেদক