
মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি পিঁপড়াবিদ্যার শেষ দৃশ্য দেখার পর থেকে মনে উঁকি দিচ্ছে একটি প্রশ্ন, এখানে কী দেখানো হলো, আর কী দেখানো হয়নি? প্রশ্নগুলো মাথায় আসার কারণও চলচ্চিত্রটির শেষ দৃশ্য। সে প্রসঙ্গ পরে। শুরুতে কেবল এটুকু বলে রাখি, দর্শকের কাছে এর শেষ দৃশ্যটি হাজির হয় চমকের মতো। আর সেই চমকের সামনে দাঁড়িয়ে আমাদের মনে হয়, এমন কি ঘটার কথা ছিল?
পিঁপড়াবিদ্যায় খুব টলমলে কাহিনি নেই, পরিবর্তে আছে টুকরো টুকরো ঘটনা। মিঠু নামে মধ্যবিত্ত এক তরুণের জীবনযুদ্ধ ও রিমা নামে এক চিত্রনায়িকার ব্যক্তিগত ‘গোপন’ ভিডিও—গোটা ছবিতে সমান্তরালভাবে প্রধান এই দুই ঘটনা। আর ঘটনাগুলো টেনে এনেছে আরও কিছু খণ্ড খণ্ড চিত্র।
বিদ্যায়তন থেকে সর্বোচ্চ পাস দিয়ে চাকরি খুঁজছে মিঠু,¦ ছবিটি শুরু হলো এভাবে। ধীরে ধীরে দেখলাম, একসময় মিঠুর কর্মসংস্থান হলো নামসর্বস্ব এমএমএল কোম্পানিতে। কিন্তু মধ্যবিত্ত বা তার চেয়েও নিচু শ্রেণিতে যার অবস্থান, সেই মিঠুর সঙ্গে উচ্চবিত্ত নায়িকা রিমার মোলাকাত হবে কীভাবে? এটি সম্ভব হলো এক চোরের মাধ্যমে,¦ ঘটনাচক্রে চুরির পর ওই চোর রিমার মুঠোফোনটি বেচে দিল মিঠুর কাছে। সেই মুঠোফোনে মিঠু আবিষ্কার করল নায়িকার ব্যক্তিগত একটি ‘গোপন’ ভিডিও। শুরু হলো রিমা-মিঠুর যোগাযোগ। আমাদেরও মনে হলো, এমন ঘটনা তো ঘটতেই পারে।
এখানে একটি দৃশ্যের কথা বলি, মুঠোফোনটি রিমাকে ফেরত দিতে প্রথমবার তার বাসায় যায় মিঠু। মিঠুর দৃষ্টিকোণ থেকে এ দৃশ্যটি আমরা একবার নয়, কয়েকবার দেখি। প্রতিবারই খানিক পরিবর্তনসহ। যেমন প্রথমবার দেখলাম, রিমাকে মুঠোফোনটি ফেরত দিতে তার বাসায় গিয়ে ভিডিওটির জন্য রিমার কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করছে মিঠু। এরপর ক্রমান্বয়ে নামতে থাকল টাকার অঙ্ক। একসময় দেখা গেল, কোনো টাকা নয়, নায়িকাকে সামনাসামনি দেখা ও মুঠোফোনটি তাকে দিতে পারা¦—এতেই বর্তে গেল মিঠু। তবে রিমার ব্যক্তিগত ভিডিওটি হাতে আসার পর মিঠুর মধ্যবিত্ত মনে নায়িকাকে ব্ল্যাকমেল করবে কি করবে না, ¦এ নিয়ে যে দোলাচল চলে, একাধিকবার একই দৃশ্যের পুনরাবৃত্তির মাধ্যমে বিষয়টি বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন পিঁপড়াবিদ্যার পরিচালক ফারুকী।
এখানে মিঠু ও রিমা চরিত্রে অভিনয় করতে গিয়ে নূর ইমরান মিঠু ও শিনা চৌহান হেঁটেছেন বাস্তবতার মাটিতে। পরিচালক, অন্যান্য কুশীলব ও অভিনয়শিল্পীরাও তা-ই। ফলে পিঁপড়াবিদ্যা ভালো ছবি¦—এ কথা নিঃসন্দেহে বলা যাবে।
হ্যাঁ, মধ্যবিত্ত মানুষের দোলাচল, স্বপ্ন ও ফ্যান্টাসি খুবই ভালোভাবে মূর্ত হয়েছে ছবিতে। আমাদের মধ্যবিত্ত মন চারপাশকে কীভাবে প্রত্যাশা করে, মিঠুর মধ্য দিয়ে দেখানো হয়েছে সে চিত্র। কাহিনির এক পর্যায়ে রিমাকে ব্ল্যাকমেল করতে শুরু করল মিঠু। ব্ল্যাকমেলের চূড়ান্ত পর্বে আবার অনুশোচনায়ও দগ্ধ হলো সে¦—আমাদের মধ্যবিত্ত মন তো এমনই!
এখানে ছবির বিরতি। দ্বিতীয়ার্ধে দেখা গেল উল্টে গেছে ঘুঁটি। এতক্ষণ যাকে ব্ল্যাকমেল করছিল মিঠু, এবার সেই রিমা ও তার সঙ্গীদের ধাওয়াতেই অস্থির সে। সঙ্গে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে যোগ হয়েছে এমএমএল কোম্পানির পতন। ফলে আমরা দেখি, আমাদের মধ্যবিত্ত মিঠুর প্রাণ ওষ্ঠাগতপ্রায়। একদিকে তাকে ছেঁকে ধরেছে পাওনাদারেরা, অন্যদিকে চিত্রনায়িকা রিমার লোকেরাও ছুটছে তার পিছু। এখানেও পরিচালক দেখালেন মধ্যবিত্তের ফ্যান্টাসিগ্রস্ত মন¦—সবাই যখন খুঁজে ফিরছে মিঠুকে, সে তখন খেলছে অন্য এক খেলা,¦ অভিনয় করছে চাকরিদাতার ভূমিকায়।
এভাবে আমরা পৌঁছে গেলাম শেষ দৃশ্যে। এতক্ষণে পারিপার্শ্বিক চাপ সহ্য করতে না পেরে পাগলপ্রায় মিঠু। ছবির শেষ ফ্রেমে তাই দেখা গেল, কাঁধে ব্যাগ ঝুলিয়ে তরুণ মিঠু স্কুলে যেতে উদ্যত। এ সময় তার বোন তাকে বলে, ‘ভাইয়া, তুই কি অ্যাকটিং করছিস?’
প্রশ্নের মধ্য দিয়ে ছবির সমাপ্তি। আমাদের মনে প্রশ্ন, মিঠু কি আসলেই অভিনয় করল, না এ তার নিখাদ বাস্তবতা? এমন কি ঘটার কথা ছিল? উত্তর নেই। পিঁপড়াবিদ্যা শেষ হলো পরিণতীহীনভাবে। এ নিয়ে কোনো কোনো দর্শকের আফসোস থাকতে পারে। তবে কথা হলো, আমাদের জীবনের ঘটনারও তো শেষ নেই কোনো, সে চলতেই থাকে ক্রমাগত।