আপনার প্রিয় নায়ক জাহিদ হাসান একজন রসিক মানুষ। আপনাদের পাঠানো মজার মজার প্রশ্নের জবাব দিচ্ছেন তিনি। অসংখ্য প্রশ্নের মধ্য থেকে নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এখানে। এ কাজটি এখন থেকে তিনি নিয়মিতই করছেন ‘আনন্দ’ পাতার জন্য। আগামী পর্বের
প্রশ্ন পাঠানোর শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০১৫। প্রশ্নের সঙ্গে অবশ্যই নাম, ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে।

চলচ্চিত্রে আপনি অনেক দিন অভিনয় করছেন না। ভবিষ্যতে কিছু ভাবছেন?
সামিয়া রহমান, শাজাহানপুর, বগুড়া
* ভাবনা আছে, কাজে নেই।
হঠাৎ জানতে পারলেন, আগামী কিছুদিনের মধ্যে আপনি মারা যাবেন। এই কিছুদিন আপনি কী করবেন?
গোলাম রব্বানী, নেত্রকোনা
* মৃত্যু যেকোনো সময়ই হতে পারে। তাই সবকিছু যেভাবে চলছে, চলবে।
আপনার বাবা বললেন, ‘খবরদার! সাঁতার শেখার আগে পানির ধারে যাবি না।’ বাবার কথা শুনলে কখনো সাঁতার শিখতে পারবেন?
ফেরদৌস আহমেদ, ভাঙ্গা, ফরিদপুর
* বাবা তো নেই। এখন মনে হয়, বাবার সব কথা শুনি (বাবার কথা না শুনেই সাঁতার শিখেছিলাম)।
জনপ্রিয় হতে হলে কী গুণ থাকতে হবে?
মাহফুজুর রহমান খান, চিনিতোলা, মেলান্দহ, জামালপুর
* সততা আর পরিশ্রম।
আপনি খুব সাধারণ। কিন্তু ‘সাধারণ’ নামের আপনার অভিনীত কোনো নাটক নেই। কেন?
সুমন দেওয়ান, মতলব উত্তর, চাঁদপুর
* নেই জন্যই তো সাধারণ। অনেকেই তো নিজের নামে অনেক কিছু করে।
সৎ মানুষ হতে হলে প্রথম আমাকে কী করতে হবে?
অনিরুদ্ধ সরকার, সরকারি বিএল কলেজ, খুলনা
* নিজের ওপর বিশ্বাস রাখতে হবে।
ভালো অভিনয় জানলেই ভালো অভিনেতা হওয়া যায়?
এনায়েত রাজীব, মিরপুর, ঢাকা
* সঙ্গে ভালো মানুষ হতে হবে।
ব্যক্তিজীবনে কোন কাজকে আপনি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন?
তাইজুর রহমান, নওগাঁ
* বেঁচে থাকা, পরিশ্রম করা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া।
নারী সেজে অভিনয় করতে কেমন লাগবে?
মোশতাক আহমেদ, জামান খান রোড, চট্টগ্রাম
* নারী সেজে অভিনয় করেছি তো। হুমায়ূন আহমেদের একটি নাটক। নাম প্যাকেজ সংবাদ। দারুণ উপভোগ করেছি। ভয়ও পেয়েছি। নারী সাজার পর দেখি, সবাই এসে জড়িয়ে ধরে।
স্বচ্ছ প্রেমের মাঝে যদি রাগ প্রকাশ পায়, তখন কী করা প্রয়োজন?
শফিকুর রহমান, কদম রসুল, নবীগঞ্জ, নারায়ণগঞ্জ
* যা মনে হবে, তা-ই করা উচিত। স্বচ্ছ প্রেমের মাঝে স্বচ্ছতা রাখা উচিত।
সারা দিন এত পরিশ্রম করেন। তারপরও হাসিখুশি থাকেন কীভাবে?
স্বপন সরকার, তুলসীপুর, জামালপুর
* কাজের মাঝে আনন্দ খুঁজি, সে জন্য হাসিখুশি থাকতে পারি।
যদি মেঘে মেঘে ঘুরে বেড়াতে পারতেন, তাহলে?
তাসনীম ফাতেমা, টমছম ব্রিজ, কুমিল্লা
* এটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। এখন যখন ফ্লাইটে উঠি, তখন ওই কথাটা খুব মনে পড়ে। (পিটার প্যান ছবি দেখার পর ‘পিটার প্যান’ হতে খুব ইচ্ছে হয়)।
প্রশ্ন পাঠাতে পারেন
ই-মেইলে [email protected] ফেসবুকে facebook.com/anandabinodon.pa কিংবা ডাকযোগে, খামের ওপর অবশ্যই লিখতে হবে ‘বরাবর জাহিদ হাসান’
আনন্দ, প্রথম আলো, সি এ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।