‘পিতা’ নিয়ে আশাবাদী শায়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক আর বিজ্ঞাপনে কাজ করলেও ‘মেহেরজান’ ছবির মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল শায়না আমিনের। মেহেরজান ছবির পর দুটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এর একটি—মাসুদ আখন্দের ‘পিতা’, অন্যটি নার্গিস আকতারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’। এর মধ্যে পিতা ছবিটি নিয়েই আশাবাদী শায়না।পিতা ছবিটি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এবং অন্যটি এটিএন বাংলার ব্যানারে নির্মিত। এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে শায়না বলেন, ‘পুত্র এখন পয়সাওয়ালা ছবিতে ইমনের বিপরীতে অভিনয় করলেও পিতা ছবির পল্লবী চরিত্রটি অনেক বেশি চ্যালেঞ্জের ছিল। ছবিটিতে আমার বিপরীতে শরত্ চরিত্রে অভিনয় করছেন কল্যাণ।’শায়না আরও বলেন, ‘ছবিগুলোতে কাজ করার ব্যাপারে ছবির পরিচালকসহ সব কলাকুশলী আমাকে খুব সহযোগিতা করছেন। পিতা ছবিটির গল্প খুব চমত্কার। আমার অভিনীত চরিত্রটি সত্যিই খুব উপভোগ করছি। কারণ, প্রতিটি মুহূর্তে চরিত্রটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বলতে পারেন পিতা ছবির মুক্তির অপেক্ষায় দিন গুনছি।’শায়না আরও বলেন, ছবির পোস্ট প্রোডাকশনের জন্য পরিচালক মাসুদ আখন্দ বর্তমানে সুইডেনে রয়েছেন। শুনেছি সবগুলো কাজ শেষ করে তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন। ঈদুল আজহা অথবা বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে।বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে শায়না বলেন, বেশ কয়েকটি বিজ্ঞাপনের কাজের জন্য কয়েকজন নির্মাতার সঙ্গে আলাপ হয়েছে। এর মধ্যে কাল মঙ্গলবার থেকে দুটি নতুন বিজ্ঞাপনের শুটিং শুরু করব। ঢাকা ও ঢাকার বাইরে বিজ্ঞাপন দুটির শুটিং করা হবে। এর মধ্যে কাল থেকে শুরু হওয়া বিজ্ঞাপনচিত্রটিতে আমার সহশিল্পী ইমরান।বিজ্ঞাপনচিত্রের কাজের ফাঁকে ঈদের বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকের শুটিং করবেন বলেও জানিয়েছেন শায়না আমিন।