‘পিতা’ মুক্তি পাচ্ছে ১৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসুদ আখন্দের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘পিতা’ মুক্তি পাচ্ছে ১৪ ডিসেম্বর। এ উপলক্ষে গত ৮ ডিসেম্বর শনিবার রাজধানীর বলাকা সিনে ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হয়ে গেল ছবিটির উদ্বোধনী প্রদর্শনী। ডিজিটাল ফরম্যাটে নির্মিত ‘পিতা’ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ছবিটি তৈরিতে পৃষ্ঠপোষকতা করেছে ভিশন গ্রুপ। উদ্বোধনী প্রদর্শনীর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন ভিশন গ্রুপের চেয়ারম্যান মেজর দেলোয়ার এইচ খান (অব.) এবং ছবিটির পরিচালক মাসুদ আখন্দ। অনুষ্ঠানের এক পর্যায়ে মাসুদ আখন্দ ও মেজর দেলোয়ার এইচ খানের হাতে ‘পিতা’ ছবির পোষ্টার তুলে দেন ফরিদুর রেজা সাগর। এরপর উপস্থিত দর্শকরা ছবিটি উপভোগ করেন। ‘পিতা’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুদ আখন্দ, কল্যাণ, বন্যা মির্জা, সায়না আমিন, উপমা, জুয়েল রানা প্রমুখ। ইমন সাহা ও এরশাদ ওয়াহিদের সংগীত পরিচালনায় ছবিটির গানে কণ্ঠ দিয়েছেন সায়ান, কনা, পান্থ কানাই, শাওন, চঞ্চল চৌধুরী, রফিক ইসলাম ও তূর্য। ‘পিতা’ চলচ্চিত্রের কাহিনিতে ফুটে উঠেছে তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম ছয় আনি। ২৬ মার্চের গণহত্যার খবর জানে না এ গ্রামের কেউ। গ্রামে কোনো রেডিও নেই, তবুও উড়ো খবর শুনে হিন্দু পাড়ার মাতব্বর নিতাই ঠাকুরের বাড়িতে সভা বসেছে। একইসঙ্গে সভা চলছে গ্রামের প্রধান জমাদার সাহেবের বাড়িতে। কোনো অবস্থাতেই তিনি পাকিস্তানকে বিভক্ত হতে দিতে রাজি নন। এক ভোরে পাকিস্তানি হানাদার বাহিনী ঢুকে পড়ে ছয় আনিতে, তারা জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেয় পুরো গ্রামটিকে। হতভম্ব দরিদ্র মানুষের মাঝ থেকে ঝলসে উঠে এক পিতা চরিত্র। শুরু হয় গোলা বারুদের বিপরীতে বাংলার গ্রাম্য অস্ত্র, কাঁচি, বল্লম, দা, টেটা, হাতুড়ির প্রতিরোধ যুদ্ধ।