‘পিতা’র পর এবার মাসুদ আখন্দের ‘স্লেভ কুইন’
প্রথম ছবি ‘পিতা’ দিয়ে মেরিল-প্রথম আলো পুরস্কারের ১৫তম আসরে সমালোচক বিভাগে সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছিলেন নির্মাতা মাসুদ আখন্দ। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন তাঁর দ্বিতীয় ছবি ‘স্লেভ কুইন’।বর্তমানে এ পরিচালক আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। প্রথম আলো ডটকমকে তিনি জানিয়েছেন, ‘এরই মধ্যে আমার দ্বিতীয় প্রোজেক্ট “স্লেভ কুইন”-এর কাজ শুরু করেছি হলিউডে।’ মাসুদ আখন্দ বলেন, ‘হলিউডে সব ছবির ট্রেইলর আগে বানানো হয়। আমরাও “স্লেভ কুইন” ছবির ট্রেইলর বানাচ্ছি।’জানা গেছে, ‘স্লেভ কুইন’ ছবিতে আমেরিকান, সুইডিশ, ভারতীয় ও বাংলাদেশি শিল্পীরা অভিনয় করবেন। ছবিটির শুটিং করা হবে বাংলাদেশ ও সুইডেনে। এ ছবির ভাষা হবে ইংরেজি, তবে বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি বাংলায় ডাবিং করা হবে। ‘স্লেভ কুইন’ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে আমেরিকান ও সুইডিশ প্রযোজনা প্রতিষ্ঠান।