
কিছু কিছু মানুষ আছেন, যাঁদের উপস্থিতি যেমন পাল্টে দেয় সমাজ-সংস্কৃতি; তেমনি তাঁরা বিদায় নিয়েও বেঁচে থাকেন তাঁদের সৃষ্টিতে। এ সৃষ্টি দিয়ে তিনি ফিরে আসেন বারবার, তাঁকে স্মরণ করা হয় নানাভাবে। নাট্যাচার্য হিসেবে খ্যাতি পাওয়া সেলিম আল দীন তেমনই একজন।
১৮ আগস্ট ছিল নাট্যকারের জন্মদিন। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ছিল সেলিম আল দীনের নাটকের চরিত্রগুলোর পুনর্মিলনী। ছয়টি নাটকের চরিত্র ও নাট্যাংশ নিয়ে মঞ্চস্থ হয় একটি বিশেষ নাটিকা। পুতুল তোমার জনম কী রূপ নামের নাটিকাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিমূল ইউসুফ। তাতে দেখা যায় সেলিম আল দীনের সৃষ্ট নানা চরিত্র।
‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ স্লোগানে আয়োজিত সেলিম আল দীনের উৎসবের সমাপ্তি ঘটল এই পরিবেশনার মাধ্যমে। যৌথভাবে উৎসবের আয়োজন করে ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন ও শিল্পকলা একাডেমি।
উৎসব সমাপনীতে একক বক্তৃতা: একই দিনে শেষ হলো স্বপ্নদল আয়োজিত তিন দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব-২০১৬’। শিল্পকলা একাডেমিতে এই আয়োজনের সমাপনী দিনে গতকাল বিকেলে মঞ্চসারথি আতাউর রহমানের একক বক্তৃতানুষ্ঠান হয়। বক্তৃতার বিষয় ছিল ‘সেলিম আল দীন নাট্যদর্শন তথা বাঙলা নাট্যরীতি প্রসারে প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়’।
নাট্যজন রামেন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে মতামত জানান আশরাফুল আলম, এস এম মহসীন, বেগমজাদী মেহেরুন্নেসা, মোহাম্মদ জসীম উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জাহিদ রিপন।
স্বপ্নদলের আয়োজনে এই উৎসবে স্মরণ শোভাযাত্রা, পুষ্পাঞ্জলি অর্পণ ছাড়াও ছিল নাট্যাচার্য সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি হরগজ এবং আরব্য রজনী অবলম্বনে মূকনাট্য জাদুর প্রদীপ-এর বিশেষ মঞ্চায়ন।