'পুত্র' ছবির উদ্বোধনী প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুত্র ছবির পোস্টার
পুত্র ছবির পোস্টার

রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে গতকাল মঙ্গলবার হয়ে গেল পুত্র ছবির উদ্বোধনী প্রদর্শনী। বিশেষ শিশুদের পরিচর্যা ও সমাজের মূলধারার সঙ্গে তাদের যুক্ত করার আহ্বান নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য এই ছবি। অটিজমের সঠিক ধারণা, বিশেষ শিশুদের সৃজনশীলতা ও সামাজিক মূল্যবোধের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই ছবিটি তৈরি হয়েছে।
পুত্র ছবির উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রদর্শনীর আগে তিনি বলেন, ‘প্রত্যেক মানুষই কোনো না কোনো দিক থেকে অপারগ। তাই বিশেষ শিশুদের অবহেলা না করে তাদের গুণগুলো খুঁজে বের করে পরিচর্যা করা উচিত। পুত্র ছবিতে সেটাই দেখানো হয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ। বক্তব্য দেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক লিয়াকত আলী খান এবং পুত্র ছবির কাহিনিকার এস এম হারুন–অর–রশীদ। অনুষ্ঠানের শুরুতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বাংলাদেশ সরকারকে এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।
তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ছবিটি প্রযোজনা করেছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মাননু। এতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, জয়া আহসান, শেওতি, আজিজুল হাকিম, শর্মীমালা প্রমুখ।