‘পুরস্কার জিতব, এটা সত্যিই ভাবিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশনে অভিনয়ের জন্য এর আগে বহু পুরস্কার জিতলেও চলচ্চিত্রে এটাই জয়া আহসানের প্রথম পুরস্কার। আর সেটি এসেছে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। জয়া আহসানের অনুভূতি কী?‘এ ধরনের আন্তর্জাতিক উৎসবগুলো নিজের কাজের মান যাচাইয়ের একটা ভালো উপায়। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটাই বেশি উপভোগ করি। কিন্তু আমি নিজে কোনো পুরস্কার জিতব, এটা সত্যিই ভাবিনি। সমাপনী দিনে মঞ্চে যখন আমার নাম ঘোষণা হলো, খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলাম শুরুতে।’ বলছিলেন দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার বিজয়ী জয়া আহসান। গেরিলা ছাড়াও তাঁর অভিনীত ফিরে এসো বেহুলা ও ডুবসাঁতার প্রদর্শিত হয়েছে এ উৎসবে।এই পুরস্কার জয়ের জন্য জয়া আহসানের কৃতজ্ঞতা সবার আগে তাঁর পরিচালক নাসির উদ্দীন ইউসুফের কাছে। জয়া বলেন, ‘কারণ, তিনি আমাকে বিলকিস বানু নামের অসাধারণ চরিত্রটি করার সুযোগ দিয়েছেন।’ এই পুরস্কারে খুব বেশি উচ্ছ্বসিত হতে রাজি নন জয়া। তাঁর যুক্তি, ‘আমি চেষ্টা করব এ পুরস্কারটা দ্রুত ভুলে যাওয়ার। কারণ, পুরস্কারের ওজন মাথায় নিয়ে কাজ করাটা সত্যিই কোনো কাজের কথা নয়।’