‘পুরান ঢাকা বাঁচাও’
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, পুরান ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে সেখানকার মহল্লাগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে। মহল্লার যে সামাজিক জীবন ছিল, তা ফিরিয়ে আনতে হবে। এ জন্য বাড়াতে হবে স্থানীয় লোকজনের সচেতনতা।গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘পুরান ঢাকা বাঁচাও’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট এই লেখক-শিক্ষাবিদ এ কথা বলেন। নয় দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে বেসরকারি সংস্থা আরবান স্টাডি গ্রুপ।সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, একসময় ঢাকা বলতে পুরান ঢাকাকেই বোঝাত। অপরিকল্পিত ব্যবহারের কারণে পুরান ঢাকা এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ভূমিদস্যুদের হাত থেকে ঐতিহ্যবাহী ভবনগুলো রক্ষা করতে নাগরিক সমাজকে ভূমিকা রাখতে হবে।ভয়াবহ দূষণে বুড়িগঙ্গা নদীর ‘নর্দমায়’ পরিণত হওয়া ও পুরান ঢাকার পার্কগুলো হারিয়ে যাওয়ার কথা উল্লেখ করেও আক্ষেপ করেন সিরাজুল ইসলাম চৌধুরী।পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থানগুলো সংরক্ষণে সেখানকার বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরির তাগিদ দেন বেসরকারি সংগঠন ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির। তিনি বলেন, সচেতনতা বাড়লেই মানুষ এসব স্থান সংরক্ষণে ব্যবস্থা নিতে সরকারের ওপর চাপ দেবে। বেসরকারি সংস্থা ‘ঢাকা কেন্দ্র’র চেয়ারম্যান আজিম বখ্শ আক্ষেপ করে বলেন, পুরান ঢাকার অনেক ঐতিহাসিক স্থাপনাই এখন বস্তি হয়ে গেছে। স্থাপনাগুলো রক্ষা করতে গেলে হামলার শিকার হতে হয়।আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর রহমান বলেন, পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলো একের পর এক ধ্বংস করে ফেলা হচ্ছে। কখনো আবাসন ব্যবসায়ী, কখনো ব্যক্তি, কখনো বা সরকারি প্রতিষ্ঠান এগুলো ধ্বংস করছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংবাদ সংস্থা এএফপির ঢাকা ব্যুরোপ্রধান কিথ বাকম্যান, পুরান ঢাকা ওয়াক প্রচারাভিযানের ‘শুভানুধ্যায়ী’ (ফ্রেন্ড) রিক ডেভিস, আরবান স্টাডি গ্রুপের সমন্বয়ক হুমায়রা জামান বক্তব্য দেন। ‘পুরান ঢাকা বাঁচাও’ শীর্ষক প্রদর্শনীটি চলছে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। চলবে ১৮ জুন সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। বৃহস্পতিবার বন্ধ।