'পুরো নাটকে ১১টি দৃশ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুষমা
সুষমা

সুষমা৷ টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করছেন৷ চলছে উপস্থাপনাও৷ আজ এসএ টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক জল ফড়িংয়ের গল্প৷ এই নাটকে অভিনয় করেছেন তিনি৷
সবাই তো ঈদের নাটক নিয়ে ব্যস্ত৷ আপনি?
ঈদের একটি নাটকের কাজ শেষ করেছি৷ সরি বাবা নামের এই নাটকের পরিচালক এস এ হক অলীক৷ সামনে আরও কয়েকটি কাজ করব৷ পাশাপাশি একটি ছবির কাজ করছি৷
কোন ছবির কাজ করছেন?
শিহাব শাহীনের ছুঁয়ে দিলে মন৷ এত দিন এই পরিচালকের সঙ্গে নাটকে কাজ করেছি৷ খুব যত্ন নিয়ে তিনি নাটক নির্মাণ করেন৷ আর এবার তাঁর পরিচালনায় ছবির শুটিং করছি৷ মিশা সওদাগর তো নেতিবাচক চরিত্রে অভিনয় করেন৷ এ ছবিতে তাঁর চরিত্রটি ইতিবাচক৷ ছবিতে তিনি আমার স্বামী৷
আর কোন কোন ছবিতে অভিনয় করেছেন?
আমার প্রথম চলচ্চিত্র নুরুল আলম আতিকের ডুবসাঁতার৷ এরপর অল্প অল্প প্রেমের গল্প ছবিতে কাজ করি৷ ছুঁয়ে দিলে মন আমার তৃতীয় চলচ্চিত্র৷
এখন কী করছেন?
উত্তরায় মাতিয়া বানু শুকুর রিয়েল মার্ডার স্টোরি নাটকের শুটিং করছি৷ পুরো নাটকে ১১টি দৃশ্য৷ আর দৃশ্যগুলো এক টেকে ধারণ করা হবে৷ সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে৷ অনেকটা মঞ্চনাটকের আদলে কাজ হচ্ছে৷ এখানে অভিনয়শিল্পীদের অনুসরণ করবে ক্যামেরা৷ পুরো নাটকের দৃশ্যধারণ শেষে ক্যামেরা ক্লোজ হবে৷ গত মঙ্গলবার মহড়া দিয়েছি৷ এই নাটকে আরও আছেন তারিন ও ইন্তেখাব দিনার৷
আজ ‘জল ফড়িংয়ের গল্প’ নাটকটি দেখানো হবে৷
এই ধারাবাহিকের শুটিং করেছিলাম বেশ কিছুদিন আগে৷ পরিচালক অঞ্জন আইচ৷ নাটকের গল্পের সঙ্গে সমসাময়িক কিছু ঘটনার মিল খঁুজে পাওয়া যাবে৷
আর কী কী ধারাবাহিকে কাজ করছেন?
ভালোবাসার চতুষ্কোণ (এনটিভি), পরিবার করি কল্পনা (এনটিভি), প্রজ্ঞা পারমিতা (এটিএন বাংলা), ঘোমটা (বাংলাভিশন) ও চন্দ্রাবতী (চ্যানেল নাইন)৷
মনজুর কাদের