
কিশোর। সংগীতশিল্পী। তাঁর বড় পরিচয়, তিনি ‘ক্লোজআপ ওয়ান তারকা’। ঈদ উপলক্ষে এসেছে তাঁর নতুন অ্যালবাম। প্রকাশ করেছে সিডি চয়েস।
তুই ছাড়া...
তুই ছাড়া আমার চতুর্থ একক অ্যালবাম। প্রায় দুই বছর ধরে এই অ্যালবামের কাজ করছি। ১৫টি গান থেকে বাছাই করে ১০টি গান রেখেছি। ‘তুই ছাড়া’ গানটিতে আমি কণ্ঠ দিয়েছি কনার সঙ্গে। গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর। অন্য গানগুলো লিখেছেন কবির বকুল, শফিক তুহিন, জাহিদ আকবর, রবিউল ইসলাম, সোমেশ্বর অলি, আরাফাত সেতু। আমি নিজেও গান লিখেছি।
অ্যালবামের বিশেষত্ব...
এর আগে টুকটাক সংগীত পরিচালনা করতাম। কিন্তু এবারই প্রথম পুরো অ্যালবামের সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছি। তাই অ্যালবামটি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এখন অনেকে অডিওর পাশাপাশি ভিডিও করছেন...
তুই ছাড়া অ্যালবামের দুটি গানের ভিডিও করেছি—‘আহা জাস্ট দেখলে তোমায়’ ও ‘বনলতা সেন’। শিগগিরই গানগুলোর ভিডিও বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে। ভিডিও নির্মাণ করেছেন এস এইচ মুন্না। গানগুলোর সঙ্গে মডেল হয়েছেন দীপালি ও ইমতু।
জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া গান...
আমার দ্বিতীয় অ্যালবামের ‘ফিরে আসো না’ গানটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই গানেরই নতুন একটি ভার্সন আমার নতুন অ্যালবামে রেখেছি।
যে পরিচয়ে পরিচিত হতে চাই...
নিজেকে সংগীতের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দেখতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত চমৎকার সুর আর সুন্দর বাণীর গান উপহার দিতে চাই।
ঈদের কাজ...
ঈদে কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে গান করেছি। এর মধ্যে কুমার বিশ্বজিৎ স্যারের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যাপারটি অন্য রকম।
বিনোদন প্রতিবেদক