'পুলিশগিরি'তে শুভ

প্রথমে মাহির বদলে নুসরাত ফারিয়া। এবার নায়কের চরিত্রেও এল রদবদল। কথা ছিল, পুলিশগিরি ছবিতে অভিনয় করবেন দেশা—দ্য লিডার অভিনেতা শিপন। কিন্তু এখন নতুন করে সৈকত নাসির পরিচালিত এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ।
শুভ বলেন, ‘পুলিশগিরি ছবিতে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। গল্প নিয়ে আপাতত কিছুই বলতে চাইছি না। সবাইকে এটুকু বলতে চাই, সৈকত নাসির এর আগে দেশা—দ্য লিডার ছবিটি পরিচালনা করে বেশ প্রশংসিত হয়েছেন। এই ছবিটির ভাবনা শুনে মনে হয়েছে, এটিও নতুন কিছু একটা হবে।’
পুলিশগিরি ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। আগামী নভেম্বরে ছবির শুটিং শুরু হওয়ার কথা। শুভ ও ফারিয়া এর আগে একটি বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করেছিলেন। তবে এর সঙ্গে শুভ যোগ করলেন, ‘শুধু বিজ্ঞাপনচিত্রই নয়; আমরা কয়েকটি স্টেজ শোতেও একসঙ্গে পারফর্ম করেছি। দর্শকেরা আমাদের সেই পরিবেশনার খুব প্রশংসা করেছিলেন। এখন চলচ্চিত্রেও এমনটাই হবে বলে আশা করছি।’