'পূজা স্পেশাল' নিয়ে আসিফ-শশী

শারদীয় উৎসবকে ঘিরে টিভি চ্যানেলগুলো বিশেষ আয়োজন করে থাকলেও বাজারে গানের তেমন কোনো আয়োজন থাকে না বললেই চলে। মূলত সেই ভাবনা থেকে প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজা উৎসবে অডিও অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ‘পূজা স্পেশাল’ শিরোনামের অ্যালবামটিতে আসিফের সঙ্গে গেয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত গায়িকা শশী।
প্রথমবারের মতো মাত্র দুটি গান নিয়ে ‘পূজা স্পেশাল’ অ্যালবামটি প্রকাশ করছেন আসিফ। অ্যালবামটির ‘বাজেরে ঢোল’ দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন আসিফ ও শশী। প্রদীপ সাহার কথায় গানটির সুর করেছেন রাজেশ। আর সংগীতায়োজন করেছেন রাজেশ ও মুশফিক লিটু। বাকি গানটি আসিফের একক ‘চাঁদবতী’। রাজীব আহমেদের কথায় ও পঙ্কজের সুর-সংগীতে এ গানটি প্রকাশিত হয়েছিল গত ঈদে আসিফের ‘এক্স প্রেম’ অ্যালবামে। তবে পূজা উপলক্ষে এ গানটির রিমিক্স ভার্সন তৈরি করা হয়েছে। আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘পূজা স্পেশাল’ অ্যালবামটি প্রকাশিত হচ্ছে ৯ অক্টোবর। এ প্রসঙ্গে শশী জানিয়েছেন, আসিফ আকবরের সঙ্গে গান গাইতে পেরে তাঁর খুব ভালো লেগেছে। ‘পূজা স্পেশাল’ অ্যালবামে একটি গানে কণ্ঠ দিলেও, সামনে আসিফের সঙ্গে পূর্ণাঙ্গ দ্বৈত অ্যালবামে কাজ করবেন বলেও জানিয়েছেন শশী।
এদিকে, আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে ঈদ স্পেশাল হিসেবে ১২ অক্টোবর প্রকাশিত হচ্ছে আসিফ-ন্যান্সির প্রথম দ্বৈত অ্যালবাম ‘ঝগড়ার গান’। এতে মনোয়ার হোসেন টুটুলের সুরে ও আহমেদ কিসলুর সংগীতায়োজনে ১০টি মৌলিক গান রয়েছে। আরও থাকছে মানাম আহমেদের সংগীতায়োজনে হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত দুটি গান ‘এই রাত’ ও ‘আয় খুকু আয়’।
‘ঝগড়ার গান’ অ্যালবামে স্থান পাওয়া অন্য গানগুলোর শিরোনাম হলো ‘ঠিকানা’, ‘পথ’, ‘প্রতিশ্রুতি’, ‘ভালোবাসা’, ‘অবুঝ খেলা’, ‘ঝগড়ার গান’, ‘অনুভবে’, ‘পাখি’, ‘একলা’ ও ‘ঋণী’। গানগুলোর কথা লিখেছেন বাকিউল আলম, কবির বকুল, প্রদীপ সাহা, রাজীব আহমেদ ও রবিউল ইসলাম।