‘পূবাল বাতাস’-এ ভাওয়াইয়া সুর
দেশের ঐতিহ্যবাহী লোকসংগীত ভাওয়াইয়া গানের একটি ব্যতিক্রমী অ্যালবাম এল সংগীতানুরাগী শ্রোতাদের জন্য। পূবাল বাতাস নামের এই মিশ্র অ্যালবামে জনপ্রিয় ভাওয়াইয়া গানগুলো গেয়েছেন কয়েক প্রজন্মের শিল্পীরা। সঙ্গে রয়েছে গানের প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণ আর পুরোনো জনপ্রিয় গানকে নতুন আঙ্গিকে রূপান্তরের সৃজনশীল প্রয়াস। গানের প্রেক্ষাপটের বর্ণনা দিয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। এ ছাড়া এতে রয়েছে ‘ওকি গাড়িয়াল ভাই’ গানের একটি সিক্যুয়াল। এক সময়ের বিখ্যাত একটি বন্দরের দুঃখগাথা নিয়ে এই সিক্যুয়ালটি গেয়েছেন পূর্ণচন্দ্র রায়। অ্যালবামটির গবেষণা ও পরিকল্পনাকারী শিল্পী সাজেদ ফাতেমী মনে করেন, ঐতিহ্যবাহী লোকসংগীতের এই ব্যতিক্রমী উপস্থাপনা সংগীতপিপাসুদের স্মৃতিকাতর করবে, দেবে অন্য রকম আনন্দ।গতকাল বুধবার বিকেলে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে অ্যালবামটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে সিডিটির প্রকাশনা প্রতিষ্ঠান লেজারভিশন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিডির মোড়ক উন্মোচন করেন সাংসদ আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক। সভাপতিত্ব করেন লেজারভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম। প্রধান অতিথি বলেন, ‘ভাওয়াইয়া গানের মিশ্র এমন একটি অ্যালবাম প্রকাশিত হওয়ায় আমি আনন্দিত। শৈশব, কৈশোর, ও যৌবনের দুরন্ত সময়গুলোতে যে গান আমাকে অফুরন্ত প্রেরণা জুগিয়েছে, সে গানের এ রকম একটি অডিও সিডি প্রকাশের প্রক্রিয়ার সঙ্গে থাকতে পেরে আমার ভালো লাগছে।’বিশেষ অতিথি বলেন, ‘যেখানেই ভাওয়াইয়া গান শুনি, একটু দাঁড়াই, খানিকক্ষণ শুনি। এই গান শুনে আমি বড় হয়েছি।’ সংস্কৃতিচর্চা মানে শুধু গান আর সুরের চর্চা নয়—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সংস্কৃতির যথাযথ চর্চা দেশকে এগিয়ে দেয়। ভাওয়াইয়া আমাদের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। দেশের জন্যই এর যথাযথ প্রচার, প্রসার ও সংরক্ষণ হওয়া উচিত।’এ ছাড়া বক্তব্য দেন শিল্পী নাশিদ কামাল, নীলুফার বানু ও ফকির শাহাবুদ্দিন।সিডির গানগুলো হচ্ছে: সোনার কইন্যা, বাওকুমটা বাতাস, পূবাল বাতাস, মুই নারী একেলা, প্রাণ সজনী, সোনার চান, মন মোর কান্দেরে, ডেকুয়া ঢ্যানা, ওকি গাড়িয়াল ভাই এবং চিলমারীর শোকগাথা। গানগুলো গেয়েছেন শিল্পী নাশিদ কামাল, পূর্ণচন্দ্র রায়, সাজেদ ফাতেমী, নীলুফার বানু, রানওয়া মার্জিয়া, রহিমা খাতুন, হাবিব এবং রানওয়া মার্জিয়া।মোড়ক উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে হাবিব ‘ওকি হায়রে হায়’, রানওয়া মার্জিয়া ‘ওকি গাড়িয়াল ভাই’ এবং পূর্ণচন্দ্র রায় ‘নেই আর আগের চিলমারী’ গানগুলো গেয়ে শোনান।কাল থেকে শুরু হচ্ছে সুলতান উৎসব-২০১১ আগামীকাল শুক্রবার থেকে নড়াইলে শুরু হচ্ছে তিন দিনের ‘এস এম সুলতান উৎসব’। দেশের প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মদিন উপলক্ষে তাঁর জন্মস্থান নড়াইলে লোকসংস্কৃতিভিত্তিক এই উৎসব আয়োজিত হয়। উৎসবটি ইতিমধ্যেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। নড়াইল শহরের শিশুস্বর্গ এলাকায সুলতান উৎসবে আয়োজন করা হয় লোক ও কারুপণ্যের বিশাল মেলা। সুলতান মেলামঞ্চে ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যায়ের শিক্ষাবিদরা অংশ নিয়ে নানা বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া থাকে নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাটকের মঞ্চায়ন। শিশুদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। উৎসব চলবে ৩১ জুলাই পর্যন্ত। এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এ অনুষ্ঠানটির গর্বিত আয়োজক। মেলার পৃষ্ঠপোষকতা দিচ্ছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।বরেণ্য শিল্পী শেখ মোহাম্মদ সুলতান [১৯২৩-৯৪] স্থানীয়দের কাছে লাল মিয়া নামে পরিচিত ছিলেন। তাঁর কাছের মানুষেরা তাঁকে এই নামেই ডাকতেন। চারুকলায় বিশেষ অবদানের জন্য তিনি ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৬ সালে বাংলাদেশে চারুশিল্পী পুরস্কার এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।শিক্ষার্থীর চিকিৎসা সহায়তায় নাটকশাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ক্যানসার-আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসা সহায়তার জন্য গত মঙ্গলবার মঞ্চায়ন করা হয়ভাবমূর্তি। মলয় ভৌমিক রচিত নাটকটির নির্দেশনা দেন তোফাজ্জল তোফা।এডিনোকারসিনোমা ক্যানসারে আক্রান্ত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী আবদুল লতিফের চিকিৎসা সহায়তার জন্য এ নাটক প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের নাট্যসংগঠন থিয়েটার সাস্ট।