‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’তে শুভ
পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনির মহরত অনুষ্ঠানে এসেছিলেন শাকিব খান ও জয়া আহসান। নির্মাতারা তখন জানিয়েছিলেন, এই ছবিতে আরেকজন নায়ক আছেন। শিগগিরই তাঁর নাম জানানো হবে। একটু চমক হিসেবে রাখতে চেয়েছিলেন খবরটি। ছবির কাজ শুরু হচ্ছে আগামী ৪ আগস্ট। গতকাল সোমবার ছবির চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান জানান, ছবির আরেকজন নায়ক হচ্ছেন আরেফিন শুভ।এ ছবিতে অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন শুভ নিজেও। কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে শুভর প্রথম চলচ্চিত্র ছায়াছবি। আগামী বছর ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়া কথা আছে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনির। এই হিসেবে এটি হবে শুভর দ্বিতীয় ছবি। এরই মধ্যে এফ আই মানিক ও সোহানুর রহমান সোহানের দুটি ছবিতে অভিনয়ের ব্যাপারে শুভর মৌখিক আলোচনা চূড়ান্ত হয়েছে।শুভ বলেন, ‘ছায়াছবিতে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি একই রকম চরিত্রে অভিনয় করতে চাই না। তাই পরের ছবিতেই নিজেকে বদলে ফেলতে চেয়েছি। আশা করছি, পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ছবিতে দর্শক আমাকে আলাদাভাবে দেখবে।’শুভ এখন চলচ্চিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন। মারপিটের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন। দিনে দুবার জিমে যাচ্ছেন। ভারতের কলকাতা থেকে সম্প্রতি বলিউডভিত্তিক নাচের ওপর একটি কর্মশালায় অংশ নিয়ে এলেন।পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ছবির পরিচালক সাফিউদ্দিন। ছবির সব কটি গানের কথা লিখেছেন কবির বকুল।