
রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদের ভবনটিতে আগে ছিল একটি পোশাকের দোকান। সেটি বন্ধ হয়ে একই স্থানে হয়েছে বইয়ের প্রতিষ্ঠান। দেশের স্বনামধন্য চারটি প্রকাশনা সংস্থার মিলিত প্রয়াসে বইপ্রেমীদের মানসচক্ষু উন্মোচনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল গ্রন্থকেন্দ্র ‘পূর্ব পশ্চিম’।
বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও পৃথিবীর যেকোনো প্রান্তের বাঙালি লেখকের বই, প্রাচ্য ও পশ্চিমের উল্লেখযোগ্য সাহিত্যকর্মও ঠাঁই পাচ্ছে এ গ্রন্থকেন্দ্রে। এরপর রাজধানীর গুরুত্বপূর্ণ আরও ছয়টি স্থান, বিভাগীয় শহর, জেলা শহর ও পৃথিবীর বিভিন্ন প্রান্তে এর শাখা খোলা হবে বলে জানান এর উদ্যোক্তারা। যে চারটি প্রতিষ্ঠান নিয়ে পূর্ব পশ্চিম গঠিত, সেগুলো হলো আগামী প্রকাশনী, পাঞ্জেরী পাবলিকেশনস, জ্যার্নিম্যান বুকস ও অন্যপ্রকাশ।
গতকাল রোববার বিকেলে পূর্ব পশ্চিমের প্রতীকী দ্বারোদ্ঘাটন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন পূর্ব পশ্চিমের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান, পর্ষদের সদস্য তারিক সুজাত, সিরাজুল কবির চৌধুরী, লেখক মোশতাক আহমেদ প্রমুখ।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘প্রায়ই শুনি, আজিজ সুপার মার্কেটে বইয়ের দোকান বন্ধ হয়ে কাপড়ের দোকান খোলা হয়েছে। এবারই প্রথম কোনো কাপড়ের দোকান বন্ধ হয়ে বইয়ের দোকান হলো।’ তিনি আরও বলেন, পূর্ব পশ্চিম একটি যৌথ প্রচেষ্টা, এর আলাদা গুরুত্ব রয়েছে। কেউ কেউ বলছেন, বইয়ের যুগ শেষ হয়ে আসছে। ই-বুক বড় জায়গা নিয়ে আছে। তারপরও মুদ্রিত বইয়ের চাহিদা শেষ হয়নি।
আসাদুজ্জামান নূর বলেন, ‘স্কুলে যাওয়ার জন্য মা আমাকে জুতা পরিয়ে দিতেন। বাসা থেকে স্কুলে যাওয়ার পথে বইয়ের একটা দোকান ছিল। জুতা খুলে সে দোকানে রেখে খালি পায়ে স্কুলে যেতাম। ফেরার পথে দোকানে রাখা জুতা আবার পায়ে দিয়ে ফিরতাম। এভাবে আসা-যাওয়ার পথে পরবর্তী সময়ে সেই দোকানেই আমার পাঠাভ্যাস গড়ে ওঠে।’
শামসুজ্জামান খান বলেন, ‘ছেলেবেলায় তিন-চার মাইল হেঁটে বই পড়তে যেতাম।’
মাজহারুল ইসলাম বলেন, ‘২০০৬ সালের ৭ সেপ্টেম্বর এই জায়গায় অন্যমেলার শো-রুম উদ্বোধন করেন নন্দিত কথাসাহিত্যিক হুামায়ূন আহমেদ। আজ এখানে গ্রন্থকেন্দ্র হলো, আমরা গভীর বেদনার সঙ্গে তাঁকে স্মরণ করছি।’
উদ্যোক্তারা জানান, শিগগিরই কলকাতার কলেজ স্ট্রিটে পূর্ব পশ্চিমের শাখা খোলা হবে। সেখানে জায়গা খোঁজা হচ্ছে।