'পূর্ববঙ্গ ছিল নজরুলের অনুধ্যানের বিষয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমিতে নজরুল বিষয়ক একক বক্তৃতা দেন গবেষক-প্রাবন্ধিক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। ছবি: বাংলা একাডেমির সৌজন্যে
বাংলা একাডেমিতে নজরুল বিষয়ক একক বক্তৃতা দেন গবেষক-প্রাবন্ধিক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। ছবি: বাংলা একাডেমির সৌজন্যে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে একক বক্তব্যে অধ্যাপক আবুল আহসান চৌধুরী বলেছেন, ‘রবীন্দ্র-সমকালে নজরুলের বিস্ময়কর উত্থান ও বিকাশ শুধু বাংলা সাহিত্যের ইতিহাসে নয়, বাঙালি জাতির সামগ্রিক ইতিহাসের পরিপ্রেক্ষিতেও তাৎপর্যপূর্ণ। সামরিক বাহিনীতে যুক্ত হওয়া তাঁর সৃজনশীলতায় এনেছে নতুন মাত্রা। ঠিক তেমনি কমিউনিজমের সঙ্গে সংযোগ তাঁর মননে সাম্যবাদী চেতনার সঞ্চার করেছে। সাহিত্য, সাংবাদিকতা ও রাজনীতি—এই তিন ক্ষেত্রে তিনি যে অসাধারণ সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন, তা বাঙালি জাতির কাছে তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।’ 

তিনি বলেন, পূর্ববঙ্গ অর্থাৎ আজকের বাংলাদেশ ছিল নজরুলের বিশেষ অনুধ্যানের বিষয়। নজরুলের রচনায় বারবার ফুটে উঠেছে এই অমর বাক্য ‘বাংলার জয় হোক, বাঙালির জয় হোক’।
রোববার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে নজরুলবিষয়ক একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। একক বক্তৃতা দেন গবেষক-প্রাবন্ধিক, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল আহসান চৌধুরী। সভাপতিত্ব করেন নজরুল গবেষক ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজী, কবি আজিজুর রহমান আজিজ, কথাসাহিত্যিক আনিসুল হক, নজরুল গবেষক বাবু রহমান প্রমুখ।
স্বাগত ভাষণে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, বাঙালির দুই শ্রেষ্ঠ সন্তান কবি কাজী নজরুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নজরুলের বিদ্রোহী কবিতা এবং বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালির হাজার বছরের স্বাধীনতাকামী আকাঙ্ক্ষাকে প্রকাশ করেছে বিপুলভাবে।
সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, নজরুল প্রবলভাবে জাতীয়তাবাদী এবং আন্তর্জাতিকতাবাদী কবি-শিল্পী। তুরস্ক সালতানাতের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ক ছিলেন নজরুলের নায়ক। একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গত শতাব্দীর শুরুর দিকে পরিচালিত স্বাধীনতাকামী ও সাম্রাজ্যবাদবিরোধী মুসলিম জাগরণের নেতা যেমন সাদ জগলুল পাশা, আমানুল্লাহ, আবদুল করিম ছিলেন নজরুলের কবিতা ও গানের বিষয়। তিনি বলেন, আজকে ইসলামের নামে ধর্মীয় উগ্রতা ও জঙ্গিবাদের প্রতাপের বাস্তবতায় নজরুলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্ম অসাম্প্রদায়িক এবং প্রকৃত সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে যুক্ত হলেই শান্তি ও সমৃদ্ধির পৃথিবী গড়ে উঠতে পারে।
অনুষ্ঠানের শেষ পর্বে নজরুলের ‘কুলি-মজুর’ কবিতাটি আবৃত্তি করেন মো. বেলায়েত হোসেন। নজরুলের গান শোনান প্রিয়াংকা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রি, কমলিকা চক্রবর্তী প্রমুখ।