‘পোস্টমাস্টার’ নিয়ে নতুন ভাবনার নাটক
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘পোস্টমাস্টার’ নিয়ে এর আগে চলচ্চিত্রকার সত্যজিৎ রায়সহ অনেকেই চলচ্চিত্র ও নাটক নির্মাণ করেছেন। কিন্তু এবার সাইমন জাকারিয়া নাটক লিখেছেন একটু অন্যভাবে। মূল গল্পের বিষয়বস্তু ও ভাব ঠিক রেখে তিনি সমকালের পরিপ্রেক্ষিতে কিছু নতুন চরিত্র সৃজন করেছেন এতে।সাইমন জাকারিয়ার নাটকের কাহিনিতে জানা যায়, রবীন্দ্রজয়ন্তীতে একটি পত্রিকা বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেয়। অন্বিতাকে একটি প্রতিবেদন তৈরির জন্য বলে সম্পাদক। অন্বিতা রবীন্দ্রনাথের ‘পোস্টমাস্টার’ গল্প নিয়ে প্রতিবেদন করার সিদ্ধান্ত নেয়। প্রায় ১০০ বছর আগে লেখা গল্পটির আবেদন এই মুঠোফোন প্রযুক্তির যুগে হারিয়ে যাচ্ছে কি না, তা খতিয়ে দেখার জন্য অন্বিতা উলাপুর গ্রামের উদ্দেশে রওনা দেয়। সেই গ্রামে তার সঙ্গে পরিচয় হয় ‘পোস্টমাস্টার’ গল্পের রতনের মতো এক ছিন্নমূল কিশোর মানিকের। এই মানিকই সাংবাদিক অন্বিতাকে পোস্টমাস্টার ও রতনের গল্পটি বলে।নাটকে পোস্টমাস্টার চরিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ, অন্বিতা চরিত্রে তাজিন আহমেদ এবং অন্যান্য চরিত্রে কচি খন্দকার, মাইশা, নূর নবী, রোমান, দুলাল প্রমুখ।এ ধরনের নতুন ভাবনার নাটক নির্মাণ বিষয়ে সাইমন জাকারিয়া বলেন, ‘আমাদের দেশে সাহিত্যনির্ভর নাটকে গতানুগতিক যে রূপ দেওয়া হয়, তা থেকে বেরিয়ে আসতে চেয়েছি। আমি দেখাতে চেয়েছি, মুঠোফোন প্রযুক্তির এই যুগে পোস্টঅফিস ও পোস্টমাস্টারের আবেদন হারিয়ে গেলেও রবীন্দ্রনাথের গল্পের মানবিক আবেদন হারিয়ে যায়নি, তা এখনো টিকে আছে। ভবিষ্যতেও থাকবে।’নাটকটি পরিচালনা করছেন রিয়াদ মাহমুদ। আবহসংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল। নাটকটি এবার রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইতে দেখানো হবে।