‘পোড়ামন’-এ মিলন ও মাহী
‘পোড়ামন’ নামের নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন আনিসুর রহমান মিলন ও মাহী। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মত একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করবেন তাঁরা। তবে ছবিতে তাঁরা জুটি হিসেবে অভিনয় করছেন না বলেই জানিয়েছেন মাহী। এ প্রসঙ্গে মাহি বলেন, ‘ছবিতে আমার বিপরীতে অভিনয় করবে সায়মন। কিন্তু ছবিতে মিলন ভাইয়ের স্ত্রী আমাকে নিয়ে নানা ধরনের সন্দেহ করবেন। অবশ্য পরে একটা সময়ে তিনি তাঁর ভুল বুঝতে পারবেন।’ মাহী আরও বলেন, ‘পোড়ামন আমার চতুর্থ ছবি। এর আগে আমি ভালোবাসার রং, অন্যরকম ভালোবাসা ও ছোট্ট একটু ভালোবাসা শিরোনামের আরও তিনটি ছবিতে কাজ করেছি। ভালোবাসার রং গত মাসে মুক্তি পেয়েছে।’ এদিকে মিলন প্রসঙ্গে মাহী বলেছেন, ‘টেলিভিশনের বিভিন্ন নাটকে তাঁর অভিনয় দেখেছি। আমার পছন্দের একজন অভিনয়শিল্পী তিনি। আর এবারে একই ছবিতে আমরা দুজন অভিনয় করতে যাচ্ছি জেনে ভালোই লাগছে। আশা করছি, মিলন ভাইয়ের কাছ থেকেও নতুন কিছু শিখতে পারব। পোড়ামন ছবিটির পরিচালক জাকির হোসেন রাজু। গত মাসের শেষ দিকে পোড়ামন ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে মিলনের চুক্তি হয়েছে। মিলন জানান, আগামী ৭ নভেম্বর ঢাকায় পোড়ামন ছবির শুটিং শুরু হবে। এরপর বেশির ভাগ কাজ হবে বান্দরবানে।পোড়ামন সম্পর্কে মিলন বলেন, ‘পোড়ামন সামাজিক-অ্যাকশন ঘরানার ছবি। গল্পটা মজার। আমার চরিত্রটির কয়েকটি দিক রয়েছে। ছবিতে আমি একজন পুলিশ কর্মকর্তা। আমার কাছ থেকে একজন আসামি পালিয়ে যায়। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে আরও কিছু অপরাধ সংঘটিত হয়।’মিলন আরও বলেন, ‘এরই মধ্যে আরও কয়েকজন চলচ্চিত্র পরিচালকের সঙ্গে ছবিতে অভিনয়ের ব্যাপারে আমার আলোচনা হয়েছে।’মিলন গত সপ্তাহে ইফতেখার চৌধুরীর পরিচালনায় দেহরক্ষী নামের একটি ছবির কাজ শেষ করছেন। এতে মিলনের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ববি।