‘পৌষ ফাগুনের পালা’র ৫০তম পর্ব প্রচার
গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস কলকাতার কাছেই, উপকণ্ঠে ও পৌষ ফাগুনের পালা অবলম্বনে আফসানা মিমি তৈরি করেছেন ধারাবাহিক নাটক পৌষ ফাগুনের পালা। গতকাল মঙ্গলবার রাতে এটিএন বাংলায় নাটকটির ৫০তম পর্ব দেখানো হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে এটিএন বাংলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজিশ আলী খান, উপদেষ্টা সাইফুল বারী, উপদেষ্টা (বিক্রয় ও বিপণন) শামসুল হুদা ও ধারাবাহিকটির পরিচালক আফসানা মিমি। আরও উপস্থিত ছিলেন নাটকটির শিল্পী ও কলাকুশলীরা। নাটকটির অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার বলেন, ‘৫০তম পর্বে আমার চরিত্রের সমাপ্তি ঘটছে। এ জন্য অবশ্য কিছুটা খারাপও লাগছে। নাটকটিতে কাজ করতে গিয়ে মিমির আন্তরিকতা এবং মমত্ববোধ আমাকে বেশ অবাক করেছে।’আফসানা মিমি নাটকটির ৫০তম পর্ব প্রচার উপলক্ষে শিল্পী-কলাকুশলী, দর্শক ও বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ জানান। শেষে পৌষ ফাগুনের পালা ধারাবাহিকটির কিছু উল্লেখযোগ্য অংশ দেখানো হয়।