‘পৌষ ফাগুনের পালা’য় আজাদ আবুল কালাম
এটিএন বাংলার প্রচার চলতি ধারাবাহিক ‘পৌষ ফাগুনের পালা’য় এবার দেখা যাবে অভিনেতা আজাদ আবুল কালামকে। নাটকটির ১৯৮তম পর্ব থেকে আজাদ আবুল কালাম অভিনয় করবেন বলে প্রথম আলো ডটকমকে জানান পৌষ ফাগুনের পালা ধারাবাহিকের পরিচালক আফসানা মিমি। যৌথ পরিচালনার এ নাটকটির আরেকজন পরিচালক হলেন রাকেশ বসু।বর্তমানে সিলেটের শ্রীমঙ্গলে নাটকটির শুটিং চলছে। ১২ মে থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। শুটিং শেষে পুরো ইউনিট ১৭ মে ঢাকায় ফিরবে।আফসানা মিমি বলেন, ‘পৌষ ফাগুনের পালায় একজন চিকিত্সকের ভূমিকায় অভিনয় করবেন আজাদ আবুল কালাম। নাটকে দেখা যাবে, ইন্দু চরিত্রে অভিনয়কারী সানজিদা প্রীতি একটা সময় আজাদ আবুল কালামের কাছে আশ্রয় নেবে। তারপর এদের দুজনের মধ্যে একটা চমত্কার সম্পর্ক তৈরি হবে। কিন্তু পরবর্তীতে দেখা যাবে সেখান থেকেও ইন্দু চলে যাবে। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে আজাদ আবুল কালামের চরিত্র এগিয়ে যাবে।’ গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস ‘কলকাতার কাছেই’, ‘উপকণ্ঠে’ ও ‘পৌষ ফাগুনের পালা’ অবলম্বনে নির্মিত পৌষ ফাগুনের পালা ধারাবাহিক নাটকটির নাট্যরূপ দিয়েছেন তানভীর হোসেন প্রবাল।উল্লেখ্য, ২০১০ সালের ১৫ জুন থেকে এটিএন বাংলায় পৌষ ফাগুনের পালা নাটকটি দেখানো শুরু হয়। সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত নয়টা ২০ মিনিটে নিয়মিতভাবে দেখানো হচ্ছে।