'পৌষ মাসের পিরিত' নিয়ে পপি

চিত্রনায়িকা পপির হাতে এখন নতুন কোনো ছবি নেই। দর্শকের সঙ্গে দেখা হওয়ার জন্য পুরোনো ছবিই যা একটু ভরসা। গত কয়েক বছরে যে কটি ছবিই মুক্তি পেয়েছে, সব কটি কাজ অনেক আগে করেছিলেন পপি। এবারও তেমনই একটি ছবি মুক্তি পাচ্ছে। নাম ‘পৌষ মাসের পিরিত’। এই ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর ভক্ত ও দর্শকের সঙ্গে দেখা হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর।
দীর্ঘদিন ধরে মুক্তির প্রহর গুনছিল ছবিটি। শুটিং শেষ হওয়ার পর ছবি মুক্তি নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে নারগিস আক্তার পরিচালিত এই ছবিটি। বিখ্যাত ঔপন্যাসিক নরেন্দ্রনাথ মিত্রের ‘রস’ গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।
ছবিটির মুক্তি নিয়ে পপি বলেন, ‘ছবির শুটিং এত আগে করেছি যে অনেক কিছুই এখন মনে নেই। এটুকু শুধু মনে আছে, যশোরের বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং হয়েছে। অবশেষে মুক্তি পাচ্ছে ভেবেই ভালো লাগছে। আশা করছি, দেরিতে হলেও দর্শক একটি ভালো ছবি দেখতে পাবেন।’
ছবিতে পপির বিপরীতে অভিনয় করেছেন টনি ডায়েস। এই ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন আহমেদ রুবেল, প্রিয়াংকা, তরু মোস্তফা, আদিত্য আলম প্রমুখ। কাহিনিবিন্যাস, সংলাপ ও গীত রচনা করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।
ছবিটির মুক্তি উপলক্ষে গত ২৪ আগস্ট, বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়। সেখানে পরিচালক নারগিস আক্তার ছবিটি নিয়ে বলেন, ‘এই ছবিকে ঘিরে আমার অনেক স্বপ্ন। শুটিংয়ের সময় আর্থিক সংকটে পড়ে গিয়েছিলাম। দিশেহারা হয়ে পড়ি। পরে নিজের এবং অন্যদের সহযোগিতায় ছবির কাজ শেষ করি। আমার বিশ্বাস, দর্শকেরা ছবিটি পছন্দ করবেন।’