‘প্যারিসে বাংলাদেশ’ আয়োজনে ডোন্ট আস্ক
স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে ‘লো বাংলাদেশ আঁ পাহি’ বা ‘প্যারিসে বাংলাদেশ’। মাসব্যাপী এই আয়োজন শুরু হচ্ছে আজ ৩১ মার্চ। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আজ রাতে প্যারিসের কেন্দ্রীয় আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে গান করবে বাংলাদেশের ব্যান্ড ‘ডোন্ট আস্ক’। ফ্রান্সে যাওয়ার আগে ডোন্ট আস্কের অন্যতম সদস্য জীবন বলেন, ‘আমরা অনেক দিন ধরে গান করছি। কিন্তু এবারের সুযোগটি ব্যতিক্রম। কারণ, স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে আমরা ফ্রান্স যাচ্ছি গান করতে। এখানে আমরা দেশের গান, শাস্ত্রীয় গান এবং বেশ কিছু ফিউশন করব।’ আলিয়ঁস ফ্রঁসেজের প্রকল্প কর্মকর্তা খন্দকার মো. মাহমুদ হাসান বলেন, ‘এবারই প্রথম এই আয়োজন করছি। এর মধ্য দিয়ে ফ্রান্সসহ বিশ্ববাসী বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের ব্যাপারে ধারণা পাবে। এবারের আয়োজনে গানের পাশাপাশি ১৫ দিনব্যাপী চিত্রকর্মের প্রদর্শনী হবে। সেখানে বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পীদের নানা শিল্পকর্ম প্রদর্শন করা হবে।