'প্রকৃতি, চিত্রা ও অমলের চাড়ালনামা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু আমন্ত্রিত অতিথি আর সাংবাদিকদের জন্য ছিল প্রকৃতি, চিত্রা ও অমলের চাড়ালনামা নাটকটির বিশেষ প্রদর্শনী। রবীন্দ্রনাথের তিন চরিত্রকে এই নাটকে দেখা গেল অন্য রূপে। নির্দেশক শাহমান মৈশান বলছেন, চণ্ডালিকা, চিত্রাঙ্গদা ও ডাকঘর নাটক ও নৃত্যনাট্য বিনির্মাণমূলক সৃজনপ্রক্রিয়ায় পুনর্নির্মাণ করা হয়েছে। নাটকটি করতে গিয়ে অনেকটা গবেষণার মধ্য দিয়ে যেতে হয়েছে—সেটা দেখলেই বোঝা যায়। পরিশ্রম আর সৃজনশীলতার মেলবন্ধন হয়েছে বলে নাটকটি দেখতে আগ্রহ জাগে। অনেক দর্শক তাঁদের অভিজ্ঞতার সঙ্গে হয়তো এ নাটককে মেলাতে পারবেন না, তবে নতুন অভিজ্ঞতার সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে পারবেন এবং তাতে তিনি ঋদ্ধ হবেন নান্দনিকতায়।
নাটকটি তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিএ (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। গতকাল বিকেল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে নাটকটি দেখানো হয়। নাটমণ্ডলেই ৯ ও ১০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকছে এ নাটকের প্রদর্শনী। এরপর দলটি যাচ্ছে ভারতে। ১৪ ডিসেম্বর ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসে (আইসিসিআর) ও ১৫ ডিসেম্বর শান্তি নিকেতনে মঞ্চস্থ হবে নাটকটি।