‘প্রতিবেশী’ নিয়ে ফিরলেন বাঁধন
কথা ছিল ধ্রুবতারা টেলিছবিতে মিলনের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে নাটকে অভিনয়ে ফিরবেন লাক্স তারকা খ্যাত অভিনয়শিল্পী বাঁধন। প্রস্তুতিটাও সেভাবে ছিল। কিন্তু হঠাত্ করে পরিচালক চয়নিকা চৌধুরীর কারণে বাঁধনের সিদ্ধান্তের পরিবর্তন করতে হয়েছে। ‘প্রতিবেশী’ শিরোনামের একটি খণ্ড নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফিরলেন তিনি। এ নাটকে বাঁধনের সহশিল্পী হলেন অপূর্ব। প্রতিবেশী নাটকের মধ্য দিয়ে প্রায় দেড় বছর পর আবারও অভিনয় শুরু করলেন বাঁধন। অভিনয় প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে বাঁধন জানিয়েছেন, ‘এটা ঠিক যে সামনের মাসে ধ্রুবতারা টেলিছবিটির মধ্য দিয়ে আমার অভিনয়ে ফেরার কথা ছিল। কিন্তু হঠাত্ করেই চয়নিকা চৌধুরী প্রতিবেশী নাটকে অভিনয়ের গল্পটা শোনানোর পর ভালো লেগে যায়। তাই কাজটি করতে রাজি হয়েছি।’বাঁধন গত বছরের ৬ অক্টোবর মা হয়েছেন। মেয়ের নাম মিশেল আমানী। এত দিন মেয়ে, স্বামীকে ও পরিবারকে নিয়ে বেশি ব্যস্ত ছিলেন বাঁধন। মিশেলের বয়স এখন নয় মাসে পড়েছে। সবকিছু মানিয়ে ব্যস্ত এখন নাটকের কাজে ব্যস্ত হচ্ছেন।প্রতিবেশী নাটকে বাঁধন ও অপূর্ব ছাড়া আরও অভিনয় করেছেন ডি এ তায়েব ও সুপার হিরোইন খ্যাত মিমো।উল্লেখ্য, বাঁধন অভিনীত সর্বশেষ নাটক দুটি হচ্ছে আরিফ খানের পরিচালনায় ‘চাঁদ ফুল অমাবস্যা’ এবং মাহফুজ আহমেদের পরিচালনায় ‘চৈতা পাগল’। এ ছাড়া কিছুদিন আগে দেশ টিভির ‘মুখ ও মুখরতা’ এবং মাছরাঙা টেলিভিশনের ‘বিনোদন সারাদিন’ নামের দুটি অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন বাঁধন।