
ফ্রেমে বাঁধা ছবিটি সাদাকালো। ছবির মানুষটির মাথার চুল পরিপাটি আঁচড়ানো। ছবির সামনে গাঁদা ফুলের পাপড়ি ছড়ানো। সামনে প্রদীপ জ্বলছে। কারও ছবির সামনে ফুল আর প্রদীপের উপস্থিতি থাকলে ধরে নেওয়া হয়, মানুষটি আর নেই এই ধরণিতে। জীবনস্পর্শী প্রতিবাদী সাহিত্যধারার অন্যতম পুরোধা জহির রায়হান তেমনই একজন। কথাসাহিত্য দিয়ে শুরু করে নিজের প্রতিভার স্ফুরণ ঘটিয়েছেন চলচ্চিত্রে। আর সে জন্যই জন্মদিনে এ পুরোধাকে চলচ্চিত্রের মাধ্যমে স্মরণ করল উদীচী শিল্পীগোষ্ঠী। জহির রায়হানের চলচ্চিত্র, তাঁকে নিয়ে প্রামাণ্যচিত্র আর তাঁর চলচ্চিত্রে ব্যবহৃত গানের পরিবেশনা আর কথোপকথনে তিনি আরও একবার হাজির হলেন সবার মাঝে।
‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’ প্রতিপাদ্যে উদীচীর ঢাকা মহানগর সংসদ গতকাল শুক্রবার দিনব্যাপী সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজন করে ‘জহির রায়হান চলচ্চিত্র উৎসব’। তাঁর ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ।
শুরুতেই জহির রায়হান পরিচালিত জীবন থেকে নেয়া চলচ্চিত্রের চারটি গান পরিবেশন করেন উদীচীর মিরপুর শাখার শিল্পীরা। সংগঠনটির ঢাকা মহানগর সংসদের শিল্পীরা শোনান দুটি গান। ‘যখন তোমার ভাঙবে ঘুম সেটাই তোমার সকাল’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন উদীচীর নৃত্যশিল্পীরা।
জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উৎসবের উদ্বোধক চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ। আলোচনা সভায় বক্তব্য দেন কামাল লোহানী, শংকর সাঁওজাল, জহির রায়হানের ছেলে অনল রায়হান ও মসিউদ্দিন শাকের। কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রবীর সরদার। উদ্বোধনী পর্বের পর দেখানো হয় ছয়টি চলচ্চিত্র।