'প্রতীক্ষা' নিয়ে অণিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অণিমা রায়
অণিমা রায়

আজ বাইশে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আজ ঢাকা ও কলকাতা থেকে একই সঙ্গে বেরোচ্ছে অণিমা রায়ের নতুন অ্যালবাম। নাম প্রতীক্ষা। ঢাকা থেকে অ্যালবামটি প্রকাশ করছে ফাহিম মিউজিক আর কলকাতা থেকে কজমিক হারমোনি।
প্রতীক্ষা নিয়ে অণিমা রায়ের ভাষ্য, পরিচিত শ্রুতির বাইরে এসে চণ্ডালিকা গদ্যনাট্যের প্রকৃতির সংলাপ যদি অন্য রবীন্দ্রগানের আলোয় দেখা যায়, কেমন হয়? এই কৌতূহল নিয়েই প্রতীক্ষার বিন্যাস।
প্রতীক্ষায় গান গেয়েছেন অণিমা রায় আর পাঠ করেছেন কলকাতার বাচিকশিল্পী রত্না মিত্র। এই অ্যালবামের ভাবনা ও সংলাপ তাঁরই।
অণিমা বললেন, ‘আমরা চেয়েছিলাম নতুন কিছু করব। রত্না মিত্রের কাজ দেখেছি তারা মিউজিকে। তা প্রায় বছর তিনেক আগে। তখন থেকেই তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ তৈরি হয়। তিনি সাধারণত বড়দের সঙ্গে কাজ করেন। এই যেমন শ্রাবণী সেন, শ্রীকান্ত আচার্য। নতুন প্রজন্মের আমার সঙ্গেই প্রথম কাজ করেছেন। তাঁকে সঙ্গে পেয়েছি, এটা আমারও সৌভাগ্য। সব মিলিয়ে অ্যালবামটি অন্য মাত্রা পেয়েছে।’
প্রতীক্ষার সংগীত পরিচালনা করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়।
এ বছরই পঁচিশে বৈশাখ বেরিয়েছে অণিমা রায়ের আরেকটি অ্যালবাম। নাম তোমার বিরহে। রবীন্দ্রনাথের প্রেমের গান। বের করেছে লেজার ভিশন। অণিমা বলেন, ‘রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের ২৫টি গান নিয়ে অ্যালবাম করার পরিকল্পনা করেছি। তারই অংশ হিসেবে ১৩টি গান নিয়ে বেরিয়েছে তোমার বিরহে। বাকি ১২টি গান নিয়ে এ বছরই আসবে আরেকটি অ্যালবাম।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত ও নাটক বিভাগের প্রভাষক অণিমা রায়। জানালেন, এখানে তিনি যোগ দিয়েছেন দুই বছর হলো। বছর দশেক ধরে নিজে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। নাম সুর বিহার, সংগীত ও অঙ্কন পাঠশালা। ধানমন্ডির ৭/এ ও বনানীর সড়ক ১৬-তে প্রতিষ্ঠানটির শাখা আছে।
অণিমা রায় বলেন, ‘প্রতিষ্ঠানটি নিয়ে এখন আর ভাবনা নেই। ২৫ জন শিক্ষক আছেন। অসংখ্য শিক্ষার্থী। ভালোভাবেই চলছে। এটা আমার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণ হয়েছে।’
সামনে অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান নিয়ে অ্যালবাম করবেন অণিমা। তাঁর অন্য অ্যালবামগুলো হলো অচেনা পরদেশী (২০০৮), কোথা যাও (২০০৯), আমি চিত্রাঙ্গদা (২০১০), ইচ্ছামতি (২০১২) ও রবির আলো (২০১৪)।
বাইশে শ্রাবণ উপলক্ষে বিভিন্ন চ্যানেলে গান করবেন অণিমা। জানালেন, আজ বৃহস্পতিবার বৈশাখী টিভিতে ‘সময় কাটুক গানে গানে’, সন্ধ্যায় চ্যানেল আইয়ে থাকবে একক গানের অনুষ্ঠান। আরটিভি, এশিয়ান টিভি আর বাংলাভিশনে গান গেয়েছেন গতকাল বুধবার রাতে।