'প্রত্নবৃদ্ধা'র চোখ দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন প্রযোজনা মুল্লুক
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন প্রযোজনা মুল্লুক

ইতিহাসের সামনে গেলে মন কি আর্দ্র হয়ে ওঠে? এই যে প্রসেনিয়ামের চৌকোনা মঞ্চে বসে আমরা এতক্ষণ চা-শ্রমিকদের দাসত্ব, লড়াই-সংগ্রাম আর ইতিহাসকে টুকরো টুকরোভাবে রূপায়িত হতে দেখলাম, তাতে, সেই দেখার মধ্য দিয়ে আমাদের মন আর্দ্র হয়েছে বটে, সঙ্গে সঙ্গে জেগেছে ভাবনাও।
মুল্লুক—বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন প্রযোজনা। ‘মূল্যবোধর নাটক’ শিরোনামের আওতায় বাংলাদেশের ৬৪ জেলায় ৬৪টি নাটক নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে ঢাকা বিভাগের প্রযোজনারূপে বাকার বকুল রচনা ও নির্দেশনা দিয়েছেন এ নাটকের।

.
.

১৭ জানুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বসে যখন নাটকটি দেখছি, তখন বর্তমান বাংলাদেশের এন্তার ঘটনা আমাদের মাথায় ক্রিয়াশীল। তবে নাটকের প্রথমেই আমরা দেখলাম এক অশীতিপর বৃদ্ধাকে। এ বৃদ্ধার বয়স কত? বর্ণনাত্মক আঙ্গিকে তৈরি নাটকটির গায়েন-দোহাররা শুরুতেই আমাদের জানিয়ে দিল, ‘প্রত্নবয়সী এই নারী শেকড়ছিন্ন কতিপয় মানুষের সময়সাক্ষী। বয়সসীমা তার দাসত্বের সমান।’ এরপর চা-শ্রমিকদের দাসত্বের গল্পের চিত্রায়ণ শুরু হলো ওই ‘প্রত্নবৃদ্ধা’র চোখ দিয়ে। নাটকের ভেতর দেখতে পাচ্ছি, পাত্রপাত্রীর কেউ বলছে, বৃদ্ধার মৃত্যু হয়েছে—‘শরীর তো কবেই ছাড়িয়া দিছে, ঠান্ডা বরফ।’ আরেকজন বলছে, ‘দমটা তো এখনো যাওয়া-আসা করছে।’ ফলে এক বিভ্রমকে সঙ্গী করে নাটক দেখতে থাকি আমরা। আর সেই প্রত্নবৃদ্ধার দৃষ্টিকোণ থেকে দেখতে পাই তার শৈশব ও যৌবনের সংগ্রামমুখর ইতিহাস। এর মধ্যেই জেনেছি বৃদ্ধার নাম—মিন্তি। এই মিন্তির জীবন দেখতে দেখতে দেখা হলো আরও বহু চরিত্র, অনেক জীবন—ফুটে উঠল ইংরেজ শাসনের কাল। এ সময়েই তো সহজ-সরল এসব মানুষকে নিজ ভূমি থেকে নিয়ে এসে প্রলোভন ও বলপ্রয়োগের মাধ্যমে তাদের দিয়ে চা-বাগান তৈরি করেছিল ইংরেজ বাবুরা। এর পরম্পরায় ১৯২১ সালে ঘটে ‘মুল্লুক চলো’ আন্দোলন। নাটকে এই প্রেক্ষাপটগুলো এসেছে চমৎকারভাবে।
তারপর আমাদের সামনে আকার পায় পাকিস্তান আমল—সেখানে দৃশ্যমান লাস্মি নামে আরেক মেয়ের গল্প; এবং এ গল্পও আমরা দেখি সেই প্রত্নবৃদ্ধার চোখ দিয়ে। আমাদের বিভ্রম আরও বাড়ে। ভাবতে থাকি, ‘মিন্তি’, ‘লাস্মি’—এমন অগুনতি নামের মানুষের প্রতীক তবে প্রত্নবৃদ্ধা? হ্যাঁ, মুল্লুকজুড়ে আমরা তাকে দাসত্বের প্রতীক হিসেবেই দেখতে পাই। দেখি, মুক্তিযুদ্ধোত্তর স্বাধীন বাংলাদেশেও এখনো সে দাস—শেষ হয়নি দাসত্বের প্রহর।
বোঝা যাচ্ছে, মুল্লুক নামের প্রযোজনাটিতে প্রতীকের ব্যবহার বিস্তর—রচনায় ও নির্মাণে। নির্দেশক নাটকটি বর্ণনাত্মক ধারায় নির্মাণ করেছেন ‘ফিজিক্যাল অ্যাক্টিং’ বা ‘শারীরিক অভিনয়’কে প্রাধান্য দিয়ে। প্রযোজনার শুরুতে বালিকা মিন্তির নদীতে মাছের সঙ্গে অবগাহন কিংবা একটু পরে শরীর ব্যবহার করে যখন ট্রেন নির্মাণ করেন নির্দেশক, চোখে লেগে থাকে দৃশ্যগুলো। এখানে কেবল শারীরিক অভিনয়ের মাধ্যমে নানা রকম দৃশ্য গড়ে তুলেছেন অভিনেতারা। খ্যাতিমান রুশ নির্দেশক মোয়ারহোল্ডের হাতে বিকশিত শারীরিক অভিনয়রীতি সমকালীন নাট্যবিশ্বে দারুণভাবে আদৃত হলেও বর্তমানে আমাদের এখানকার থিয়েটারে শারীরিক অভিনয়ের প্রয়োগ দিনে দিনে যেন অনেকটা দুর্লভ হয়ে পড়ছে। সেই বাস্তবতায় এ প্রযোজনায় শারীরিক অভিনয়ের বৈচিত্র্যময় প্রচেষ্টাগুলো নিঃসন্দেহে মনোহর। আর এ অভিনয়রীতির সঙ্গে বাংলা অঞ্চলের লাঠিখেলাসহ বিভিন্ন ভঙ্গিমা যুক্ত হওয়ায় শারীরিক অভিনয়ের কৌশলও হয়ে উঠেছে বঙ্গীয়। ফলে নাটকটি পৌঁছেছে ভিন্ন এক উচ্চতায়। বিষয় ভাবনা, ডিজাইন, অভিনয়কৌশল নির্মাণ—প্রযোজনাটির পরতে পরতে রয়েছে রচয়িতা ও নির্দেশকের চমকপ্রদ মুনশিয়ানার ছাপ।
‘বর্ণনাত্মক ধারার প্রযোজনার সৌন্দর্য ফুটে ওঠে বর্ণনার শিল্পময়তায়’—কথাটি মনে রেখে যদি আলোচ্য প্রযোজনাটি বিশ্লেষণ করি, এ ক্ষেত্রে অভিনয়শিল্পীদের নিষ্ঠার অভাব চোখ পীড়ার কারণ হয়ে ওঠে। বাচিক অভিনয়ে আরও মনোযোগ দিলে প্রযোজনাটি খোলতাই হবে আশা করি। সব মিলিয়ে মুল্লুক-এর নির্মাণকৌশল এমন যে অভিনয়শৈলী, আলো, মঞ্চ ও সংগীত—ব্যাপারগুলো সমন্বয় করে গোটা নাটকের মধ্যে পাওয়া যায় একটি ‘থিয়েট্রিক্যাল’ অভিপ্রায় ও আবহ। প্রতিটি ক্ষেত্রেই সেখানে রয়েছে নান্দনিকতার স্পর্শ। কিন্তু বোধ করি, এ নান্দনিকতা আরেকটু প্রস্ফুটিত হতে পারে নাটকের আবহসংগীত আরও খানিকটা পরিচর্যা পেলে।