‘প্রথম গান ৯০ বার টেক দিতে হয়েছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ আব্দুল হাদী। বরেণ্য সংগীতশিল্পী। সাবিনা ইয়াসমীনের সঙ্গে দ্বৈত কণ্ঠের গান গেয়েছেন তিনি। অ্যালবামের নাম বলাকা। প্রকাশ করেছে প্রোটিউন।সাবিনা ইয়াসমীন এবং আমি...সাবিনা ইয়াসমীনের সঙ্গে সেই ষাটের দশক থেকেই অসংখ্য গান গেয়েছি। অনেক জনপ্রিয় গান আছে। আধুনিক গান, চলচ্চিত্রের গান...। তবে অ্যালবাম বের হলো অনেক দিন পর। ১৫ থেকে ১৬ বছর আগে তাঁর সঙ্গে আধুনিক গানের একটি অ্যালবাম করেছিলাম।সেই অ্যালবাম, এই অ্যালবাম...আগের অ্যালবামের সঙ্গে এখনকার অ্যালবামের অনেক পার্থক্য। শ্রোতাদের রুচির বদল হয়েছে। এখন যাঁরা গান করছেন, তাঁদেরও রুচির পরিবর্তন হয়েছে। বলাকা অ্যালবামের সুরকার মনোয়ার হোসেন টুটল, অত্যন্ত ভালো সুরকার। একজন ভালো বাদ্যযন্ত্রীও। আমি বলব, মূলধারার গানকে ঠিক রেখে সে সমসাময়িক রুচির সঙ্গে একটি সমন্বয় করতে চেষ্টা করেছে।প্রথম যেদিন রেকর্ডিং স্টুডিওতে পা রাখলাম...সেই ষাটের দশকের কথা। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হঠাৎই সিনেমায় গান করার প্রস্তাব পেলাম। তখন তো সিনেমা মানে একটা সাংঘাতিক ব্যাপার! সে এক ভীষণ রোমাঞ্চ! এখনকার শিল্পীরা সে অভিজ্ঞতা কল্পনাও করতে পারবে না। রেকর্ডিং শুরু হতো রাত আটটায়, আশপাশ একটু চুপচাপ হওয়ার পর। রেকর্ডিং শেষ হতে হতে সকাল হয়ে যেত। একটু ভুল হলেই পুরো গান আবার গাইতে হতো। আমার প্রথম গান ৯০ বার টেক দিতে হয়েছিল। এ তো শুধু রেকর্ডিং না, রীতিমতো একটা শারীরিক শ্রমও।উপস্থাপনা প্রসঙ্গে...উপস্থাপনা করি একধরনের দায়িত্ববোধ থেকে। বাংলা গানের সেই স্বর্ণযুগ থেকে গান করছি। নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে সেই সময়টার কথা তুলে ধরা দরকার।হারিয়ে যাচ্ছে পুরোনো গান...আমাদের দেশে আর্কাইভ-ব্যবস্থা খুবই দুর্বল। ৪০ থেকে ৫০ বছর আগের অসংখ্য জনপ্রিয় গান হারিয়ে যাচ্ছে; যেগুলো সংরক্ষণ করা দরকার ছিল। ইদানীং অবশ্য দেখছি ইন্টারনেটে অনেক পুরোনো গান পাওয়া যায়। ব্যক্তিগত উদ্যোগে যাঁরা এগুলো সংগ্রহ করছেন, তাঁদের ধন্যবাদ।মো. সাইফুল্লাহ