'প্রাণের খেলা'য় গান ও এসরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইছেন লাইসা আহমদ লিসা, এসরাজ বাজাচ্ছেন অশোক কুমার সরকার
গাইছেন লাইসা আহমদ লিসা, এসরাজ বাজাচ্ছেন অশোক কুমার সরকার

বেশ একটা সাংগীতিক আবহে কাটল গতকাল বুধবারের সন্ধ্যাটা। ধানমন্ডির শেখ কামাল সরণির বেঙ্গল শিল্পালয়ে বসেছিল ‘প্রাণের খেলা’, যা নিবেদন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। এটি বেঙ্গলের নিয়মিত গানের আসর। দেশের খ্যাতিমান শিল্পীরা এ অনুষ্ঠানে আসেন, শোনান গান কিংবা বাদ্যযন্ত্রে তুলে আনেন সুর ও তালের মায়াজাল।
গতকালও এর ব্যতিক্রম হয়নি। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীর সঞ্চালনায় গতকালের অনুষ্ঠানে অংশ নেন দুজন শিল্পী। এসরাজ বাজিয়ে শোনান অশোক কুমার সরকার। রবীন্দ্রনাথের গান শোনান লাইসা আহমদ লিসা।
সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে অশোক কুমার সরকার এসরাজে ‘রাগপুরিয়া ধানেশ্রী’ পরিবেশন করেন। সঙ্গে তবলায় ছিলেন ইফতেখার আলম প্রধান।
লাইসা আহমদ লিসা শোনান অনেক গান। যার মধ্যে ছিল ‘প্রথম যুগের উদয়দিগঙ্গনে’, ‘না গো, এই যে ধুলা আমার না এ’, ‘আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে’, ‘আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে’, ‘যদি প্রেম দিলে না প্রাণে’, ‘নাইবা ডাকো রইব তোমার দ্বারে’, ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’, ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’, ‘আমারে করো তোমার বীণা’, ‘নিদ্রাহারা রাতের এ গান’, ‘চিনিলে না আমারে কি’, ‘কাল রাতের বেলা গান এল মোর মনে’, ‘দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না’, ‘রোদনভরা এ বসন্ত’, ‘কিছুই তো হল না’।
শিল্পীর সঙ্গে তবলায় ছিলেন এনামুল হক ওমর, কি-বোর্ডে বিনোদ রায়, এসরাজে অসিত বিশ্বাস এবং মন্দিরায় নাজমুল আলম ঝরু।